insta logo
Loading ...
×

চন্দন কাঠ পাচার, ধৃত ২

চন্দন কাঠ পাচার, ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :

শ্বেত চন্দন কাঠ পাচার করার অভিযোগে দুই ব্যক্তিকে বমাল গ্রেফতার করল বাঘমুন্ডি থানার পুলিশ। ধৃতরা হলো সুগান মাহাত ও পুনু সিং মুড়া। পুলিশ সূত্রে জানা গেছে সুগান মাহাতো ঝাড়খণ্ডের বোকারো জেলার সেক্টর ৯ এর চৌফাঁদ এলাকার বাসিন্দা। পুনু সিং মুড়ার বাড়ি বাঘমুণ্ডির মাঠাতে। ধৃতদের কাছ থেকে ৭ কেজি শ্বেত চন্দন কাঠ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে মাঠা থেকে দুয়ারসিনি রাস্তায় এক ব্যক্তির আচরণে সন্দেহ হয় বাঘমুন্ডি থানার টহলদারি পুলিশের। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তার কথাবার্তা অসঙ্গতিপূর্ণ হওয়ায় তার ব্যাগটিতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ১৯টি শ্বেত চন্দন টুকরো উদ্ধার হয়। সুগান মাহাতোকে গ্রেফতার করে বাঘমুন্ডি থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে পুনু সিং মুড়ার কাছ থেকে ওই চন্দন কাঠ সে কিনে নিয়ে যাচ্ছিল। মাঠা গ্রামে তার বাড়িতে হানা দিয়ে পুনুকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে পুনু বেআইনি ভাবে চন্দন গাছ কেটে সেগুলি টুকরো টুকরো করে শুকিয়ে রেখেছিল। তার পর মোবাইল ফোন মারফত যোগাযোগের পর সেগুলি সুগান মাহাতোকে বিক্রি করে। সুগান ওই চন্দন কাঠ টুকরো টুকরো করে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় দশকর্মা ভাণ্ডারে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল। তদন্তে তেমনটাই জানতে পেরেছে পুলিশ।

শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment