insta logo
Loading ...
×

কলে জল নিয়ে রক্তগঙ্গা বলরামপুরে

কলে জল নিয়ে রক্তগঙ্গা বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

কলে জল নেওয়া এবং পুরনো বিবাদকে কেন্দ্র করে রক্তগঙ্গা বইলো বলরামপুরে। দুই পক্ষের তুমুল সংঘর্ষে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে রক্তাক্ত আটজন।

হাড় হিম করা ঘটনা শুক্রবার বলরামপুর থানার দেউলী গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে শুধু কলে জল নেওয়াকে ঘিরে নয়, পুরনো বিবাদের জেরেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।

ঘটনাস্থলে বলরামপুর থানার পুলিশ পৌঁছে জখমদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। তবে ৮ জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জখমদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেছেন চিকিৎসকেরা। জখমদের মধ্যে দুই জন মহিলা রয়েছেন।
প্রথম পক্ষের আহতদের নাম কিরীটি পরামানিক, জুলি পরামানিক, বৈদ্যনাথ পরামানিক, বীরত্ব পরামানিক ও মালি পরামানিক।
দ্বিতীয় পক্ষের আহতদের নাম সঞ্জয় গরাঁই, পবন গরাঁই ও প্রসেনজিৎ গরাঁই। প্রত্যেকে এই গ্রামেরই বাসিন্দা।

জখম কিরিটি পরামানিক বলেন, ” আমাদের বাড়ির চাল ছাওয়া হচ্ছিল। এমন সময় ওরা আমাদের বাড়িতে ঢুকে মারধর শুরু করে। আমরা কাউকে মারিনি। ওরা নিজেরাই নিজেদের আঘাত করে আমাদের নামেও অভিযোগ করতে চাইছে।”
অন্যদিকে আহত সঞ্জয় গঁরাই বলেন,” আগামী ২৫ তারিখ কলকাতায় ইউপিএসসি পরীক্ষা৷ তারই অ্যাডমিট ডাউনলোড করতে বাজারে আসছিলাম৷ পথে ওরা আমাদের ওপর হামলা চালায়।”

দেউলী গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।

Post Comment