নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
লোকালয়ে দেখা মিলল বিপন্ন প্যাঙ্গোলিনের। ভারতীয় বন্যপ্রাণ শ্রেণীর এক নম্বর তালিকায় থাকা এই বিলুপ্তপ্রায় বন্য প্রাণ দেখা গেলো বরাবাজারের লোকালয়ে। দীর্ঘ প্রায় ২০ বছর পর প্যাঙ্গোলিনের দেখা মেলায় খুশি কংসাবতী দক্ষিণ বনবিভাগ। বৃহস্পতিবার রাতে বরাবাজার রেঞ্জের সিন্দ্রি বিট এলাকায় রাস্তার ধারে ওই বণ্যপ্রাণ দেখতে পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর দেওয়া হয় বনবিভাগে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা। তারপরেই প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। আপাতত বন দফতরের নজরদারিতে তাকে রাখা হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর।

ভারতীয় প্যাঙ্গোলিন স্থানীয় মানুষদের কাছে
পিপীলিকাভুক, বজ্রকিট, বনরুই, সূর্যমুখী নামে পরিচিত। শান্ত এই বণ্যপ্রাণ মূলত উইপোকা খায়। তবে আন্তর্জাতিক বাজারে চোরা কারবারিরা এই বন্যপ্রাণের আঁশ বিক্রি করে মোটা অংকের টাকা মুনাফা করে। এরজন্য দেশ জুড়ে প্যাঙ্গোলিনের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। ফলে আইইউসিএন এটিকে বিপন্ন শ্রেণীতে রেখেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সংগঠন
বনবিভাগের সহযোগিতায় এই প্যাঙ্গোলিনের আবাসস্থল সম্পর্কে গবেষণা চালাচ্ছে।





Post Comment