নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিয়ের বাকি ছিল আর মাত্র পাঁচ দিন। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম আরো এক যুবক। মৃত যুবকের নাম অজয় মিশ্র (২৫)। পুরুলিয়ার টামনা থানার চাকলতোড় গ্রামে তার বাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামী ১৮ এপ্রিল অজয়ের বিয়ের দিন ধার্য্য হয়েছিল। বাড়িতে শুরু হয়ে গিয়েছিল প্যান্ডাল তৈরির কাজ। সাজ সরঞ্জামের তোড়জোড় চলছিল। রবিবার দুপুরে এক বন্ধুকে নিয়ে কেন্দা থানার তালতল হাটে গিয়েছিল অজয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে গোবিন্দপুর ও চিতোড়া মোড়ের মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি খুঁটিতে ধাক্কা মারে তাদের মোটর বাইকটি। জখম হয়ে ছিটকে পড়ে দুই যুবক। পথ চলতি মানুষজনের সাহায্যে তাদের প্রথমে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক অজয়কে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে তাপস মোদক নামে অপর যুবকের চিকিৎসা চলছে ।










Post Comment