নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সশব্দে সাক্ষাৎ মৃত্যু দূত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরেই ঢুকে পড়ল একটি লরি। আর ঘুমের মধ্যেই চির ঘুমের মধ্যে তলিয়ে গেলেন এক বৃদ্ধা। বরাত জোরে প্রাণে বাঁচলেন তাঁর স্বামী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে পুরুলিয়ার- বরাকর ৫ নং রাজ্য সড়কে আমজোড়া গ্রামে। মৃতার নাম সখী বাউরি (৬২)। এই গ্রামেই তাঁর বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ্যে সড়কের পাশে নিজের ঘরে ঘুমিয়েছিলেন স্বামী – স্ত্রী। পাওয়ার টিলার বোঝাই রঘুনাথপুরগামী একটি বড় লরি নিয়ন্ত্রণ হারিয়ে এদিন ভোরে হুড়মুড়িয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে। রক্তাক্ত অবস্থায় দম্পতিকে উদ্ধার করা হয়। কুস্তাউর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানেই চিকিৎসক সখী বাউরিকে মৃত বলে ঘোষণা করেন। সোহম বাউরিকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।











Post Comment