নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
পুলিশি তৎপরতায় অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার নিখোঁজ নাবালিকা। ওই নাবালিকাকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বরাবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ভীম সিং সর্দার। বাড়ি বরাবাজার থানার বানজোড়া গ্রামে। উদ্ধার হওয়া নাবালিকার ডাক্তারি পরীক্ষার পর সোমবার ম্যাজিস্ট্রেটের কাছে তার গোপন জবানবন্দী নেওয়া হয়। ওই নাবালিকার দাদা রবিবার বরাবাজার থানায় বোনকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নাবালিকার দাদা পুলিশকে জানান শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে তার বোন নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত ভীম সিং সর্দার তার বোনকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছে। রবিবার অভিযোগ পাওয়ার সাথে সাথে একটি অপহরণের মামলা রুজু করে বরাবাজার থানার পুলিশ। ওইদিন তদন্তে নেমে কিশোরীকে উদ্ধারের পাশাপশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অপরদিকে রহস্যজনকভাবে এক কিশোরীর অপহরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলার মানবাজারে। বছর ১৫-র ওই কিশোরীর বাবা মানবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন শনিবার দুপুর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ যায় যায় নবম শ্রেণীর ওই কিশোরী। দু-দিন ধরে তারা বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও ওই নাবালিকার কোনো সন্ধান পাননি। পরিবার অনুমান করছে অসৎ উদ্দেশ্যে কেউ তাদের বাড়ির মেয়েকে অপহরণ করে আটকে রেখেছে।অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে একটি অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত।











Post Comment