নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতোর খাসতালুক ঝালদাতেই ঘর ভাঙলো কংগ্রেসের। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন ঝালদা ১ নম্বর ব্লকের ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতের সদস্য। এদিনই আজসু থেকে এক নির্বাচিত পঞ্চায়েত সদস্যও যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার ঝালদা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাঁদের উভয়ের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। উপস্থিত ছিলেন ঝালদা ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি জয়প্রকাশ মাহাত, ঝালদা দঁড়দা অঞ্চল তৃণমূলের সভাপতি যুধিষ্ঠির মাহাত, তৃণমূল নেতা হুসেন আহমেদ সহ ব্লকের অন্যান্য নেতৃত্ব। বিধায়ক সুশান্ত মাহাতো জানান, আজসু দল থেকে যোগেশ্বর রুহিদাস এবং কংগ্রেস ছেড়ে আপস রজক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এলাকার মানুষের উন্নয়ন করার জন্য মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক পদক্ষেপগুলি দেখে অনুপ্রাণিত হয়ে এদিন তৃণমূলে যোগদান করেন বলে জানান যোগদানকারী সদস্যরা।
ঝালদা ১ নং ব্লকের ঝালদা দঁড়দা গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৬ টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ১১ জন, কংগ্রেসের ৪ জন এবং আজসুর ১ জন সদস্য নির্বাচনে জয়ী হয়েছিলেন। শুক্রবার এই দলবদল তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বাড়িয়ে করল ১৩ জন।











Post Comment