insta logo
Loading ...
×

ডবল লাইন বন্ধ করছে রাস্তা! পথের দাবিতে পথ আটকে বিক্ষোভ

ডবল লাইন বন্ধ করছে রাস্তা! পথের দাবিতে পথ আটকে বিক্ষোভ

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

একেই বলে কারও পৌষ মাস, কারও সর্বনাশ!
পুরুলিয়া কোটশিলা ডবল লাইন নির্মাণ হলে যেমন দ্রুত আর মসৃণ হবে রেল চলাচল, তেমনই অন্যদিকে এই ডবল লাইনের জন্য বন্ধ হয়ে গেছে রাস্তা। মারাত্মক সমস্যায় পড়েছেন পুরুলিয়া শহরের ২১ নং ওয়ার্ডের যমুনা বস্তি এবং চুনাভাটির কয়েক হাজার মানুষ। এই অভিযোগ তুলে পথের দাবিতে গোশালা লেভেল ক্রশিংয়ের কাছে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। বুধবার তাদের এই আন্দোলন ও অবরোধে সামিল হন স্কুল কলেজ পড়ুয়া সহ আট থেকে আশি সকলেই।
তাদের দাবি পুরুলিয়া-কোটশিলা ডবল রেল লাইনের কাজ হওয়ার ফলে রাস্তা না থাকায় যমুনা বস্তি সহ একটা বিস্তীর্ণ এলাকার কুড়ি হাজারেরও বেশি বাসিন্দা অবরুদ্ধ হয়ে পড়েছেন মূল শহর পুরুলিয়া থেকে। বারবার রেল সহ প্রশাসনিক বিভিন্ন বিভাগে জানানোর পরও তাদের সমস্যা সমাধানের জন্য কেউ এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথকেই বেছে নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পুরুলিয়া কোটশিলা ডবল লাইন কাজ শুরু হওয়ার ফলে, পুরুলিয়া শহর থেকে তাদের এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিগত দিনে যে রাস্তা ছিল, সেখান দিয়ে ছোট চার চাকা থেকে শুরু করে সমস্ত যানবাহন চলাচল হত। কিন্তু বর্তমানে তা বন্ধ হয়ে গিয়েছে। শহরে যোগাযোগের জন্য এখন যে রাস্তা রয়েছে, তাতে ২-৩ কিমি বাড়তি ঘুরতে হবে। এমনকি যে আন্ডার পাস রয়েছে সেটির দূরত্বও দু কিমি।

তাই বাসিন্দাদের স্পষ্ট দাবি, হয় বিকল্প কোন রাস্তার ব্যবস্থা করে দিতে হবে, নচেৎ আন্ডার পাসের ব্যবস্থা করতে হবে। তা না হলে এই আন্দোলন চলতেই থাকবে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। সমস্যা মিটবে এমন আশ্বাস পেয়ে অবরোধ ওঠে।

Post Comment