নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :
প্রেম নিবেদন দিবসেই প্রেমিকার সঙ্গে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। প্রেমিকার অভিযোগে গ্রেফতার প্রেমিক। ঘটনা পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম সুশীল কুমার গোপ। তার বাড়ি প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের সারাইকেল্লা খরসঁওয়া জেলার নিমডি থানার তুলিনডি গ্রামে।
প্রেমিকের বিরুদ্ধে বাঘমুন্ডি থানায় অভিযোগ দায়ের করে বছর ১৮ র ওই নির্যাতিতা কিশোরী পুলিশকে জানান ৬ মাস আগে তাদের পরিচয় হয়। প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। সম্প্রতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের চেষ্টা করে ওই যুবক। পাশাপশি বিয়ের জন্য আগাম পণ হিসেবে প্রেমিকার বাড়ি থেকে টাকা পয়সাও নিয়েছে সে। দিন কয়েক আগে ঠিক হয় বিয়ের দিন। বলা হয় আগে রেজিস্ট্রি ম্যারেজ করে পরে সামাজিক ভাবে বিয়ে হবে। কিন্তু অপেক্ষা সার। রেজিস্ট্রি বিয়ে সারতে প্রেমিক আসেনি। তখনই প্রেমিকা বোঝে সে ঠকেছে। পুলিশ জানিয়েছে অভিযোগের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।











Post Comment