insta logo
Loading ...
×

জিতল ‘লক্ষ্মীর ভাণ্ডার’হেমন্তের ঝাড়খণ্ডে জয়ধ্বজা ইন্ডি জোটের

জিতল ‘লক্ষ্মীর ভাণ্ডার’হেমন্তের ঝাড়খণ্ডে জয়ধ্বজা ইন্ডি জোটের

সুজয় দত্ত

হেমন্তের আবহাওয়ায় ঝাড়খণ্ড জুড়ে ইন্ডি জোটের জয়ধ্বজা। মোদি- শাহ জুটির ভোট প্রচারকে একের পর এক গোল দিল হেমন্ত সরেনের নেতৃত্বাধীন জোট।
গতবার পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ডের বিধানসভাগুলিতে ভালো ফল করেছিল বিজেপি। ২০১৯ বিধানসভা নির্বাচনে পুরুলিয়া লাগোয়া ধানবাদ, বোকারো, সিন্দরি, চন্দনকিয়ারি ও নিরসায় গত নির্বাচনে জয় পেয়েছিল তারা। ধানবাদে এবারও জিতেছে বিজেপি। সেখানে বিজেপি প্রার্থী রাজ সিনহা জয়ী হয়েছেন। সিন্দরিতে সিপিআই (এম এল) প্রার্থী চন্দ্রদেও মাহাতো জয়ী হয়েছেন। চন্দনকিয়ারিতে জয়ী কংগ্রেস প্রার্থী উমাকান্ত রজক। বিজেপি প্রার্থী প্রাক্তন বিধায়ক অমর কুমার বাউরি এবার তৃতীয় স্থানে। নিরসাতে বিজেপির অপর্ণা সেনগুপ্তকে হারিয়ে জিতলেন সিপিআই (এম এল) প্রার্থী অরূপ চ্যাটার্জি। মার্জিন মাত্র ১৮০৮ ভোট।এবার বোকারোতে বিজেপির বিরিঞ্চি নারায়ণকে ৭২০৭ ভোটে হারিয়ে দিলেন কংগ্রেসের শ্বেতা সিং। ঝরিয়াতে জিতেছিল কংগ্রেস। এবার সেখানে উলটো ফল। বিজেপি প্রার্থী রাগিনী সিং জয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের পূর্ণিমা নীরজ সিংকে সাড়ে চৌদ্দ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে। অন্যদিকে গতবার সিল্লি ও গোমিয়াতে জিতেছিল আজসু। এবার সিল্লিতে আজসু প্রমুখ সুদেশ কুমার মাহাতো পরাস্ত। তাঁকে হারিয়ে জিতলেন ঝামুমো-র অমিত কুমার। গোমিয়াতেও পরাস্ত আজসু। আজসু প্রার্থী লম্বোদর মাহাতো এখানে তৃতীয় স্থানে। ঝামুমো প্রার্থী যোগেন্দ্র প্রসাদ জয়ী হয়েছেন এখানে। রামগড়ে জিতেছেন কংগ্রেস প্রার্থী মমতা দেবী।

উত্তর, উত্তর পশ্চিম, ও পশ্চিম পুরুলিয়ার মানচিত্র থেকে সরে এসে দক্ষিণে গেলে দেখা যাবে ইচাগড়, জুগসলাই, ঘাটশিলা ও বহরাগোড়াতে ঝামুমো জয়ী হয়েছিল গত বিধানসভা নির্বাচনে।
বহরাগোড়া কেন্দ্রে জিতেছেন ঝামুমো প্রার্থী সমীর কুমার মাহান্তি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীনেশানন্দ গোস্বামীকে ১৮১২৫ ভোটে পরাস্ত করেছেন তিনি। ঘাটশিলাতেও অপ্রতিহত তীর-ধনুক। ঝামুমো প্রার্থী রামদাস সরেন এখানে ভাজপার বাবুলাল সরেনকে হারিয়ে দিয়েছেন ২২৪৪৬ ভোটে। জুগসলাই আসনে জয়ী ঝামুমোর মঙ্গল কালিন্দি। ইচাগড়েও উড়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জয়ধ্বজা। জিতেছেন ঝামুমো প্রার্থী সবিতা মাহাতো।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার ৪২। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একক ভাবে ৩৪ আসন দখল করছে। জোট সঙ্গী কংগ্রেসের ঝুলিতে ১৬ আসন। একক ভাবে বিজেপি পাচ্ছে ২১ আসন। তবে একক ভাবে প্রাপ্ত ভোট শতাংশের হিসেবে অনেক এগিয়ে তারা। তারা পেয়েছে ৩৩.২০ শতাংশ ভোট। ঝামুমোর ভোট প্রাপ্তি ২৩. ৪৫ শতাংশ। কংগ্রেস পাচ্ছে ১৫.৫০ শতাংশ ভোট।
লক্ষ্মীর ভাণ্ডারের মতো মুখ্যমন্ত্রী মাইয়াঁ সম্মান যোজনা এ বছরই ঝাড়খণ্ডে চালু করেছিলেন হেমন্ত সরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রকল্পের সুফল পেল ঝামুমো জোট।

Post Comment