insta logo
Loading ...
×

হাসপাতালে ডাক্তারের ভূমিকায় তৃণমূল প্রার্থী! কমিশনে অভিযোগ বিজেপির

হাসপাতালে ডাক্তারের ভূমিকায় তৃণমূল প্রার্থী! কমিশনে অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

রঘুনাথপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটারে এক রোগীর পাশে দাঁড়িয়ে হাতে গ্লাভস পরা অবস্থায় শাসকদলের প্রার্থীর ছবি ভাইরাল হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। ঘটনাটি ঘিরে বিজেপি থানায় এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। রঘুনাথপুর বিধানসভার বিজেপি আহ্বায়ক সন্তু তেওয়ারির অভিযোগ, “পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারি বাউরি চিকিৎসক না হওয়া সত্ত্বেও ওটির মতো সংবেদনশীল জায়গায় প্রবেশ করে অপারেশনের সময় উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, সেই মুহূর্তের ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। রোগীর কোনও অনভিপ্রেত ক্ষতি হলে তার দায়ভার কে নেবে?”

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরে। বিজেপির আরও অভিযোগ, নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় একটি সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করে ছবি তোলা ও প্রচার করা নিয়মবিরুদ্ধ। এই ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে নির্বাচন কমিশন এবং রঘুনাথপুর থানায় পৃথকভাবে অভিযোগ জানানো হয়েছে।

Post Comment