insta logo
Loading ...
×

ফিরল ‘শোলে’র স্মৃতি, “বিয়ে না দিলে ঝাঁপ!” জলট্যাংকিতে উঠে যুবকের হুমকিতে হুলস্থুল পুরুলিয়ায়

ফিরল ‘শোলে’র স্মৃতি, “বিয়ে না দিলে ঝাঁপ!” জলট্যাংকিতে উঠে যুবকের হুমকিতে হুলস্থুল পুরুলিয়ায়

শুভদীপ মাহাতো,পুরুলিয়া :

সেই রামগড় গ্রামে বাসন্তীকে বিয়ে করার তীব্র বাসনা নিয়ে জলট্যাংকিতে উঠেছিল বিরু। শোলে সিনেমার ৫০ বছর পার করে সেই একই ঘটনা ঘটালো পুরুলিয়া মফস্বল থানার রামপুর গ্রামের এক যুবক। পুরুলিয়া শহরের দুলমি এলাকায় একটি জলট্যাঙ্কিতে চড়ে বসল সে। দাবি একই, সে বিয়ে করতে চায়।

রামপুরের যুবক বছর বাইশের আব্বাস আনসারি। পেট চালাতে শিমুলিয়া এলাকায় কংসাবতী নদী থেকে বালি নিয়ে সাইকেলে করে আসত সে। পথে মন দিয়ে ফেলে এক নাবালিকাকে। আর তারপর মাথায় চেপে বসে বিয়ের ভূত। জল ট্যাঙ্কির ওপর চেপে যায় সে। দাবি দিতে হবে বিয়ে নচেৎ পোড়ার প্রাণ আর সে রাখবে না।

যুবকের বাবা হাবিব আনসারীর কথায়, “দিন কয়েক ধরেই বিয়ের ঝোঁক ধরেছিল। আমরা বলেছিলাম বিয়ে দেবো। গতকাল রাতে এই কথার পরই সবাই ঘুমোতে যাই। সকালে দেখি এই কাণ্ড। বুঝতে পারছি না কী হবে? “

আসে দমকল, দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালানোর পর যুবককে নামানো হয়। আপাতত সে পুলিশ হেপাজতে। জলট্যাঙ্কি থেকে নামানো গেলেও মাথা থেকে বিয়ের ভূত নামানো গেছে কি না, তা অবশ্য এখনও জানা যায়নি।

Post Comment