নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে এবার নির্বাচনী লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরতে মরিয়া সিপিআইএম। রাজ্যজুড়ে সংগঠনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে মাঠে নেমেছে দলের তরুণ নেতৃত্ব। সেই ছবিই ধরা পড়ল পুরুলিয়া শহরের রাস্তায়।এখানে তরুণ প্রার্থী সায়ন্তন ঘোষের সমর্থনে প্রচারে অংশ নিয়ে তরুণ নেতা নেত্রীরা জোর দিলেন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর। তৃণমূল এবং বিজেপির পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার বার্তা দিলেন তাঁরা। এই প্রচারে অংশ নেন সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষ এবং পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়ন্তন ঘোষ। শহরের গোশালা মোড় থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ট্যাক্সি স্ট্যান্ডে এসে শেষ হয়, যেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়।
সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য বলেন, “রাজ্যের মানুষ পরিবর্তনের খোঁজে রয়েছেন এবং সেই পরিবর্তনের শক্তি হিসেবে বামপন্থীদের দিকে তাকাচ্ছেন”।
সিপিআইএমের নেত্রী ঐশী ঘোষ জানান,”সমাজ এবং সাধারণ মানুষের সমস্যাগুলিকে সামনে রেখেই সিপিআইএম এবার নির্বাচনে লড়ছে”। পুরুলিয়ার সিপিএমের প্রার্থী সায়ন্তন ঘোষ বলেন ,”পুরুলিয়া জেলার প্রতিটি আসনেই বামফ্রন্ট জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে”।
একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, মানুষের মনে গেঁথে যাওয়া এই লড়াইয়ের পাশে তৃতীয় বিকল্প হিসেবে নিজেদের তুলে আনতে চাইছে সিপিএমের তরুণ ব্রিগেড।










Post Comment