insta logo
Loading ...
×

পুরুলিয়ার ৯টি বিধানসভায় প্রার্থী কত? ক্যামেরায় নজিরবিহীন নির্বাচন

পুরুলিয়ার ৯টি বিধানসভায় প্রার্থী কত? ক্যামেরায় নজিরবিহীন নির্বাচন

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

ভোটের আগে নির্বাচন কমিশনের শেষ পর্যায়ের প্রস্তুতি চরমে। নজরদারিতে জোর বাড়াল জেলা প্রশাসন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জেলা শাসক সুধীর কোন্থম জানালেন, এবার পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা ৮৯। বিধানসভা কেন্দ্রভিত্তিক হিসাবে বান্দোয়ানে ১০, বলরামপুরে ১১, বাঘমুন্ডিতে ১১, জয়পুরে ১০, পুরুলিয়ায় সর্বাধিক ১৩, মানবাজারে ৮, কাশিপুরে ৮, পাড়াতে ১০ এবং রঘুনাথপুরে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

জেলায় মোট বুথের সংখ্যা ২৮০২। এর মধ্যে প্রধান বুথ ২৫২৯টি এবং অক্সিলিয়ারি বুথ ২৭৩টি। মহিলা পরিচালিত ‘পিঙ্ক বুথ’-এর সংখ্যা রাখা হয়েছে ২৫০। অন্যদিকে, ৮৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের জন্য হোম ভোটিংয়ের সংখ্যা ইতিমধ্যেই পৌঁছেছে ৫,৮৮৮-এ।

এবারের ভোটে প্রযুক্তির ব্যবহারেও রয়েছে নতুন সংযোজন। বাংলার নির্বাচনে এই প্রথম বুথের ভেতরের পাশাপাশি বাইরে থাকছে ওয়েব কাস্টিংয়ের ক্যামেরা। শুধু তাই নয়, অতি স্পর্শকাতর বুথগুলির বাইরে বসানো হবে অতিরিক্ত তৃতীয় ক্যামেরা। কোন কোন বুথে এই ব্যবস্থা থাকবে, তা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। আগে বুথের ভিতরে ক্যামেরা থাকলেও বাইরে নজরদারির এমন ব্যবস্থা ছিল না।

নির্বাচনের আগে নজরদারিতে কড়াকড়ির ছবিও তুলে ধরেন জেলা শাসক। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলায় বিধিভঙ্গের অভিযোগে মোট ৩ কোটি ৫৩ লক্ষ ২৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন। এর মধ্যে নগদ ৩২ লক্ষ ৬৪ হাজার টাকা, মদ বাবদ ১ কোটি ২৫ লক্ষ টাকা এবং বাকি অংশ ড্রাগ, সোনা-সহ অন্যান্য সামগ্রী। বিভিন্ন নাকা পয়েন্টে ফ্লাইং স্কোয়াড ও সার্ভিল্যান্স টিমের তৎপরতায় এই সাফল্য এসেছে বলে জানান জেলা শাসক।

আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যেই জেলায় মোতায়েন করা হয়েছে মোট ২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটকে ঘিরে সর্বস্তরে প্রস্তুতি যে চূড়ান্ত পর্যায়ে, তা স্পষ্ট প্রশাসনের এই পরিসংখ্যানেই।

Post Comment