নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
সকালটা ছিল একেবারেই পরিষ্কার। আকাশ রোদ ঝলমলে, সঙ্গে তীব্র গরমে নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ। তবে সেই চেনা আবহাওয়া দুপুর গড়াতেই আচমকা বদলে যায়। দুপুরের পর থেকেই আকাশ ধীরে ধীরে ঘন কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি, সঙ্গে ছিল তীব্র বজ্রবিদ্যুৎ। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে কার্যত থমকে যায় জনজীবন। কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে স্কোয়াল ফ্রন্ট নরেন্দ্রর আপডেট দিচ্ছিল ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল নামে একটি ফেসবুক পেজ। আজ বুধবার তার শেষ দাপট। সেই ঝড়-বৃষ্টির দাপটে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরে ফিরে যান। তবে এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে গরমের হাত থেকে।

তবে কয়েক মিনিটের ঝড়ে উপড়ে গেল গাছ। ব্যাহত হল যান চলাচল। বন্ধ হয়ে যায় আড়শা পুরুলিয়া ভায়া বেলডি সংযোগকারী রাস্তা। রাস্তা আটকে যাওয়ায় ঘুরপথে যেতে হয় গাড়িগুলিকে। সমস্যায় পড়েন রাস্তায় যাতায়াতকারী মানুষজন। অন্যদিকে ফেসবুক পেজটির পূর্বাভাস নববর্ষ থেকে তাপপ্রবাহ শুরু হবে দক্ষিণ বঙ্গে।



Post Comment