সুইটি চন্দ্র, পুরুলিয়া:
ভোটের মুখে ফের দলবদলের হাওয়া পুরুলিয়ায়। ঘাসফুল ছেড়ে পদ্মফুলে ভিড় বাড়ছে জেলায়। জয়পুর ব্লকের সিধি এলাকায় তৃণমূল কংগ্রেসে একসময় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেত্রী জয়ন্তী গরাঁই ও তাঁর স্বামী সুখদেব সাউ-সহ একাধিক নেতা-কর্মী দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।
দলবদলকারীদের তালিকায় রয়েছেন আদিবাসী সমাজের পরিচিত মুখ নিমাই চন্দ্র সরেন, যুব নেতা প্রবীণ গরাই এবং কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত ধনঞ্জয় মাহাতো। তাঁদের সঙ্গে শতাধিক পরিবারও তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে নেন বলে দাবি পদ্ম শিবিরের।
যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং জয়পুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। তাঁদের দাবি, এই যোগদান আসন্ন নির্বাচনে জেলায় বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।
এদিনই জয়পুর বিধানসভা এলাকার ঝালদা ২ নং ব্লকের চিরুহাতু ২২২ ও ২২৩ নম্বর বুথ থেকে মোট ৩১২ জন কর্মী যারা আগে কংগ্রেস, সিপিএম এবং- এর তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জয়পুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো, গৌতম রায়-সহ অন্যান্য নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতেই নতুন কর্মীদের দলে স্বাগত জানানো হয় এবং জ্যোতির্ময় সিং মাহাতো তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “শুধু পুরুলিয়া নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে পরিবর্তন হাওয়া। এখন শুধু বড় নেতা নয়, বুথস্তরের কর্মীরাও পরিবর্তন চাইছেন। যারা আগে তৃণমূল, কংগ্রেস বা সিপিএমের হয়ে বুথে বুথে লড়াই করতেন, তারাও এখন পরিবর্তনের পক্ষে।”
তিনি আরও বলেন, “সবাই চান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে রাজ্যে সুশাসন আসুক। সেই কারণেই তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন।”









Post Comment