সুইটি চন্দ্র, পুরুলিয়া;
কটাক্ষ করেছিল বিরোধীরা। শনিবার নাকি চুপিসাড়ে মনোনয়ন জমা দিয়েছেন পুরুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়। সেই দাবি নস্যাৎ করে সোমবার পুরুলিয়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তিনি মনোনয়নপত্র জমা দিলেন। এদিন সাধুডাঙ্গা এলাকা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা জড়ো হন। সেখান থেকে ঢাক-ঢোল বাজিয়ে মিছিল করে তাঁরা চকবাজার কালী মন্দিরে পুজো দেন। এরপর জেলা নির্বাচন দপ্তরে গিয়ে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন প্রার্থী।
পুরুলিয়া বিধানসভার প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন,”বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় ভুল খবর ছড়িয়েছে যে আমার নাকি সমর্থক নেই এবং আমি নাকি চুপিচুপি মনোনয়ন জমা দিয়েছি।” তিনি জানান, “সেদিন আমি কোন মনোনয়ন জমা দিইনি। আমার হলফনামা জমা দিয়ে এসেছিলাম। আজ মনোনয়ন জমা দিচ্ছি।”

তিনি আরও বলেন, “পুরুলিয়া ১ নং ব্লক ও শহরের কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্টসহ সব নেতা-কর্মীরা একজোট হয়ে এই লড়াইয়ে অংশ নিয়েছেন এবং ভবিষ্যতেও একসঙ্গে থাকবেন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই মিছিল হয়েছে, কাউকে জোর করা হয়নি।”
সবশেষে তিনি বলেন, “পুরুলিয়ার অন্যতম বড় সমস্যা হল পানীয় জল ও দৈনন্দিন ব্যবহারের জল, এবং এই সমস্যা সমাধানে কাজ করব।”










Post Comment