নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
এপ্রিলের শুরুতেই গরমের দাপট আরও জোরদার। দু’এক পশলা বৃষ্টি হলেও স্বস্তি মিলল না পুরুলিয়ায়। ২ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১.৩৫ মিলিমিটার। বলরামপুরে সবচেয়ে বেশি ১১.৪ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া বাঘমুণ্ডিতে ৩.২ মিমি এবং বরাবাজারে ৩.০ মিমি বৃষ্টিপাত হয়েছে। জেলার বাকি ব্লকগুলিতে বৃষ্টির দেখা মেলেনি।
সকাল থেকেই ছিল রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়তে থাকে। দুপুরের দিকে গরমের অস্বস্তি চরমে ওঠে। খোলা ও পাথুরে এলাকায় তাপের তীব্রতা আরও বেশি অনুভূত হয়েছে।
বৃষ্টির পরেও গরম কমার বদলে উল্টে বাতাসে আর্দ্রতা বাড়ায় ভ্যাপসা অস্বস্তি অনুভব করছেন বাসিন্দারা। রাতের তাপমাত্রাও ২১ ডিগ্রির উপরে থাকায় ভোরের দিকেও আর তেমন স্বস্তি মিলছে না।


Post Comment