সুইটি চন্দ্র, পুরুলিয়া :
ভোট, রাজনীতি, হিংসা, ক্ষমতা দখলের ওপরে যে সৌজন্য, তার জলজ্যান্ত প্রমাণ পুরুলিয়া। জেলা তৃণমূল চেয়ারম্যান তথা বলরামপুরে শাসক দলের প্রার্থী শান্তিরাম মাহাতো তখন মনোনয়ন জমা দিয়ে বার হচ্ছেন, আর মনোনয়ন জমা দিতে আসছেন সিপিএমের পুরুলিয়া আসনের প্রার্থী সায়ন্তন ঘোষ। রাস্তায় দেখা উভয়ের। শান্তিরামকে প্রণাম করলেন সায়ন্তন। পালটা সৌজন্য দেখালেন বর্ষীয়ান শান্তিরাম।
এদিন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন্তন ঘোষ এবং বলরামপুরের প্রার্থী নমিতা মাহাতো পুরুলিয়া সদর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। তাঁদের সমর্থনে বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দপ্তরে পৌঁছায়। শৃঙ্খলা বজায় রাখতে এবং ভিড় নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল।
মনোনয়ন জমা দেওয়ার পর পুরুলিয়া বিধানসভার সিপিএম প্রার্থী সায়ন্তন ঘোষ বলেন, “রাজ্যের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের অভাব চরমে পৌঁছেছে। যারা উচ্চ শিক্ষিত, তারা চাকরি পাচ্ছে না, তাদের ভিন রাজ্যে যেতে হচ্ছে। বাংলার শ্রমিকদের বাইরে পাঠানোর একটা চক্রান্ত চলছে। বাইরে গিয়েও বাঙালিদের সম্মান দেওয়া হচ্ছে না, তাঁদের বাংলাদেশি বলা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি এবং শিল্পের বিকাশ চাই যাতে এখানেই কর্মসংস্থান তৈরি হয়।”
অন্যদিকে বলরামপুরের সিপিএম প্রার্থী নমিতা মাহাতোও একই সুরে রাজ্য সরকারের সমালোচনা করেন। “গত ১৫ বছরে বহু যুবক-যুবতী বেকার হয়ে আছে। কৃষক, ক্ষেতমজুররা ন্যায্য মজুরি পাচ্ছেন না। এই সমস্যাগুলোই আমরা মানুষের সামনে তুলে ধরছি।”
এদিকে ঝালদা মহকুমা এলাকাতেও বামফ্রন্টের দল ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরা মনোনয়ন পেশ করেন। বাঘমুন্ডি কেন্দ্রের প্রার্থী পরিমল কুমার এবং জয়পুর কেন্দ্রের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাত ঝালদা স্কুল মোড় থেকে বিশাল মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন। মিছিলে ঐতিহ্যবাহী ছৌ নাচ বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।
জয়পুর কেন্দ্রের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাত বলেন, “আমরা মানুষের মৌলিক সমস্যাগুলো কর্মসংস্থান, কৃষকের ন্যায্য মূল্য, এবং উন্নয়নের অভাব—এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি। মানুষ পরিবর্তন চাইছে।”
কেন্দ্রের প্রার্থী পরিমল কুমার জানান,“গ্রামাঞ্চলের মানুষ আজও বঞ্চিত। রাস্তা, জল, কাজ—সব ক্ষেত্রেই সমস্যা রয়েছে। আমরা এই বিষয়গুলোকে সামনে রেখেই নির্বাচনে লড়ছি।”

রঘুনাথপুর মহকুমা শাসক কার্যালয়ে এদিনই মনোনয়ন পেশ করেন পাড়া আসনে সিপিএম প্রার্থী অলোক বাউরি, রঘুনাথপুর আসনে সিপিএম প্রার্থী গণেশ বাউরি ও কাশিপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সিপিএম প্রার্থী সুলেখা বাউরি।
মনোনয়ন ঘিরে বিপুল জনসমাগম এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে পুরুলিয়া জেলায় নির্বাচনী লড়াই যে ক্রমশ তীব্র আকার নিচ্ছে, তা স্পষ্ট চিত্র ধরা পড়ছে।









Post Comment