insta logo
Loading ...
×

বাঘমুন্ডির কোল্ড স্টোরেজ পড়ে আছে, চালুই হলো না, আবার আড়শায়? অভিষেককে কটাক্ষ ফরওয়ার্ড ব্লক দলের

বাঘমুন্ডির কোল্ড স্টোরেজ পড়ে আছে, চালুই হলো না, আবার আড়শায়? অভিষেককে কটাক্ষ ফরওয়ার্ড ব্লক দলের

নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:

আসন্ন বিধানসভা নির্বাচনে বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে সোমবার প্রচারে এসে আড়শাতে কোল্ড স্টোরেজ তৈরি করা হবে ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

তারপরেই ফরওয়ার্ড ব্লক বিবৃতি দিয়ে জানায়, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের আগেই সুইসা স্টেশন সংলগ্ন এলাকায় ফর‌ওয়ার্ড ব্লকের উদ্যোগে এবং জননেতা অশোক ঘোষের প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন পর্ষদের পক্ষ থেকে চাষিদের কাছ থেকে জমি ক্রয় করে কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ” নেতাজি সুভাষ মার্কেট ।” কৃষক বাজারে সবজি বিক্রি করার জন্য স্টলের পাশাপাশি গোডাউন সহ কোল্ড স্টোরেজ তৈরি করা হয়েছে। কিন্তু এই কোল্ড স্টোরেজ তৈরি হ‌য়ে পড়ে থাকা সত্বেও এখনোও পর্যন্ত চালু করার উদ্যোগ গ্রহণ করেনি বর্তমান সরকার।

সারা ভারত ফর‌ওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা বলেন, ” বর্তমান সরকার নেতাজি সুইসা মার্কেট এখনও চালু করল না । আবার ভোটের আগে নতুন কোল্ড স্টোরেজের কথা ঘোষণা করে সাধারণ মানুষের মন পেতে চাইছেন।”

Post Comment