insta logo
Loading ...
×

ছেলের টিকিটের জন্য শাহের কাছে সেটিং মূল মানতার! ঝালদা থেকে বিজেপিকে চরম চ্যালেঞ্জ অভিষেকের

ছেলের টিকিটের জন্য শাহের কাছে সেটিং মূল মানতার! ঝালদা থেকে বিজেপিকে চরম চ্যালেঞ্জ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জনজাতির অধিকারের বদলে দিল্লিতে গিয়ে অমিত শাহের কাছে নিজের ছেলের রাজনৈতিক ‘সেটিং’ করে এসেছেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাত! সোমবার পুরুলিয়ার বাঘমুণ্ডিতে আয়োজিত মেগা জনসভা থেকে ঠিক এই ভাষাতেই তাঁকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোপীবল্লভপুরের রাজেশ মাহাতর প্রসঙ্গ টেনে অভিষেক কটাক্ষ করেন, আদিবাসী কুড়মি সমাজ এখন কার্যত ‘অজিত বাবুর কল্যাণ সমাজে’ পরিণত হয়েছে। অভিষেক মনে করিয়ে দেন, কুড়মালি ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করতে রাজ্য সরকার আন্তরিক। গত ১৯শে ফেব্রুয়ারি কেন্দ্রকে চিঠি পাঠানো হলেও দিল্লি কোনো পদক্ষেপ নেয়নি। অথচ মূল মানতারা ভাষার দাবি ভুলে নিজেদের আখের গোছাতেই বেশি ব্যস্ত।

এদিনের সভা থেকে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে মোদি সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছোঁড়েন অভিষেক। স্থানীয় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতকে নিশানা করে তিনি বলেন, সাংসদ গত সাত বছরে পুরুলিয়ার জন্য কিছুই করেননি, ট্রেনের সময়ও ঠিক রাখতে পারেননি। তৃণমূল সেনাপতির খোলা চ্যালেঞ্জ, “সাংসদ যদি প্রমাণ করতে পারেন গত ৫ বছরে গরিবের আবাস বা ১০০ দিনের কাজে কেন্দ্র ১০ পয়সাও দিয়েছে, তাহলে তৃণমূল ২৯১টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে”।

স্থানীয় উন্নয়নের স্বার্থে অভিষেক কথা দেন, তৃণমূল ফের ক্ষমতায় এলে চড়িদার ছৌ শিল্পীদের জন্য মার্কেট কমপ্লেক্স এবং আড়শায় টমেটো চাষিদের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। প্রবল বৃষ্টি উপেক্ষা করেও এদিনের সভায় মানুষের ভিড় ছিল বাঁধভাঙা। সাধারণ মানুষকে গ্যাসের দামবৃদ্ধি নোটবন্দির, ও এসআইআর লাইনের কথা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, বিজেপির দেওয়া টাকা নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ইভিএমেই তাদের যোগ্য জবাব দিতে হবে। এদিন তাঁর হাত ধরেই কুড়মি সমাজের সংগঠন ও জেএলকেএম থেকে বেশ কয়েকজন ঘাসফুল শিবিরে যোগ দেন। সভায় দলীয় প্রার্থী সুশান্ত মাহাত-সহ পুরুলিয়ার তৃণমূলের হেভিওয়েট নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Post Comment