insta logo
Loading ...
×

মানবাজারে মান ভাঙিয়ে ম্যাজিক মমতার, গোষ্ঠী কোন্দল মিটে এককাট্টা তৃণমূল

মানবাজারে মান ভাঙিয়ে ম্যাজিক মমতার, গোষ্ঠী কোন্দল মিটে এককাট্টা তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে মানবাজার কার্যত হয়ে উঠল একজোট ঘাসফুল শিবির। এত মান অভিমান, ক্ষোভ বিক্ষোভ, মমতার ম্যাজিকে উধাও। রবিবার পাথরকাটা ফুটবল ময়দানে প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে খোদ মুখ্যমন্ত্রীর মেগা জনসভায় উপচে পড়ল বাঁধভাঙা ভিড়।

মানবাজারের মঞ্চ থেকে আগামী দিনের একগুচ্ছ প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। যুবসাথী প্রকল্পের ডুপ্লিকেট সমস্যার দ্রুত সমাধান, সকলের কাঁচা বাড়ি পাকা করে দেওয়া এবং আজীবন ‘লক্ষ্মীর ভান্ডার’ দেওয়ার আশ্বাস দেন তিনি। উন্নয়নের এই বার্তার পরই ভিড়ে ঠাসা ময়দান থেকে দিল্লির বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।
​তবে মমতার মানবাজার সভার ইউএসপি গোষ্ঠী কোন্দল মিটিয়ে দেওয়া। এলাকায় প্রার্থী বদল চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছিলেন দলের একাংশ। কিন্তু সন্ধ্যারানিতেই আস্থা ছিলো মমতার। প্রার্থী ঘোষণা হতে ক্ষোভ আরও বাড়ে।

মমতা ম্যাজিকে মানবাজারে মিটে গেল তৃণমূলের কলহ। বিক্ষুব্ধ মানবাজার বিধানসভার দুই নেতা মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি দিলীপ পাত্র ও মানবাজার ১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো রইলেন মঞ্চে। তাঁদের একেবারে প্রথম সারির চেয়ারে দেখা গেল।
একসাথে চলার শপথ নিলেন প্রার্থী সন্ধ্যারানিও।

Post Comment