সুইটি চন্দ্র, পুরুলিয়া
কংগ্রেসের ঘর ভেঙে ভোটের আগে ঘর ভরলো বিজেপি। রাম নবমীর দিনই দলবদল। বাঘমুন্ডি বিধানসভার ঝালদা ১ নং ব্লকের তুলিন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এক পঞ্চায়েত সদস্যা মমতা পাণ্ডে সহ প্রায় ৭৮টি পরিবারের মোট ৩০০-র বেশি সদস্য এদিন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন। পুরুলিয়া শহরে বিজেপির জেলা কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।
একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই এলাকা, এখন সেখানে কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। দলবদলে আরও জোর বাড়লো বিজেপির, বলছেন নেতারা।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, “পরিবর্তন চেয়ে রাজ্য জুড়ে যে বিরাট ঝড় উঠেছে তাতে সামিল হওয়ার আগ্রহ থেকেই মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই প্রবণতা আগামী দিনে আরও বাড়বে।”
জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো জানান, “বাঘমুন্ডি এলাকায় সংগঠন আগেও সক্রিয় ছিল। এই যোগদানের ফলে তৃণমূল স্তরে আমাদের শক্তি আরও বাড়ল।”
অন্যদিকে, দলবদলকারী কংগ্রেস পঞ্চায়েত সদস্য মমতা পান্ডে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেন, “দলে থেকে কাজ করার মতো পরিবেশ পাচ্ছিলাম না। এলাকার মানুষের জন্য কাজ করতে চাই বলেই নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।”










Post Comment