নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
ভোটের মুখে চরম অসন্তোষের ছবি উঠে এল পুরুলিয়ার ঝালদা ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতের ভুষুডি গ্রামে। খোদ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত-র নিজের এলাকাতেই মৌলিক পরিষেবার অভাব ঘিরে গ্রামবাসীরা এবার সরাসরি ভোট বয়কটের ডাক দিয়েছেন। গ্রামের দেওয়ালে ইতিমধ্যেই লেখা হয়েছে—“রাস্তা নেই, ভোট নেই”। দীর্ঘদিন ধরে পাকা রাস্তা ও পানীয় জলের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের।
প্রায় ৫০টি আদিবাসী পরিবার ও ২০০-র বেশি ভোটার থাকা এই গ্রামে আজও পাকা রাস্তা নেই। বর্ষার সময় কাদামাটির রাস্তা কার্যত অচল হয়ে পড়ে, ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পরিষেবাও ব্যাহত হয়। পানীয় জলের সমস্যাও তীব্র আকার নিয়েছে।

এই ইস্যুতে শাসক-বিরোধী চাপানউতোরও তুঙ্গে। বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাত বলেন, “এটা সম্পূর্ণ রাজ্য সরকারের ব্যর্থতা। বহু বছর ধরে এই সমস্যাগুলো ঝুলে রয়েছে, কিন্তু তৃণমূল কোনও পদক্ষেপ নেয়নি।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাত দাবি করেন, “যে জায়গায় রাস্তা হওয়ার কথা, সেই জমি রেলের। নির্বাচনের পর দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।”
যদিও রাজনৈতিক আশ্বাসে আর ভরসা রাখতে নারাজ ভুষুডি গ্রামের বাসিন্দারা।











Post Comment