নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জয়পুর বিধানসভা এলাকায় মুর্তি ভাঙা কাণ্ডে এবার শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করল ভারতীয় জনতা পার্টি । বৃহস্পতিবার পুরুলিয়ায় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে।
বিজেপির দাবি,আসন্ন নির্বাচনের প্রাক্কালে রাজ্যে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করতে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা সামনে আনা হচ্ছে। জেলা বিজেপি সভাপতি শংকর মাহাতো এবং প্রাক্তন জেলা সভাপতি বিবেক রাঙ্গা অভিযোগ করেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর আসন্ন নির্বাচনী প্রচারকে সামনে রেখেই এই ঘটনা নিয়ে “নাটক ও গল্প” তৈরি করা হচ্ছে”।
তাদের বক্তব্য, “প্রচারের মতো কোনও বাস্তব ইস্যু না পেয়ে তৃণমূল এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে।” বিজেপি নেতৃত্বের আরও দাবি, সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই ধরনের ঘটনা বাড়িয়ে দেখানো হচ্ছে।
তাহলে মূর্তি ভেঙেছিল কারা?
একবার বিজেপি নেতৃত্ব বলছেন, কারও সঙ্গে কারও ছবি থাকলেই কে কোন দল করে, প্রমাণ হয় না। অন্যদিকে বলছে, সঠিক তদন্ত হোক। একবার বলছে, এর আগে জেলায় আরও মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে, তখন তো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, আবার একবার হিন্দু দেবদেবীদের নিয়ে কখন কোন তৃণমূল নেতা নেত্রী কী বলেছেন, তার প্রিন্ট আউট পড়ে শোনানো হলো।
সমাজ মাধ্যমে বহুল প্রচলিত মিম, “ক্যাহনা কেয়া চাহতে হো?” বোধহয় এক্ষেত্রে জুতসই। যারা মূর্তি ভাঙার ঘটনায় ধরা পড়েছে, তারা কি বিজেপি করে? তারাই কি মূর্তি ভেঙেছে? উত্তর মিলল না সাংবাদিক সম্মেলনে।










Post Comment