insta logo
Loading ...
×

রাস্তার দাবিতে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি বরাবাজারে

রাস্তার দাবিতে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি বরাবাজারে

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে চরম ক্ষোভে ফুঁসছেন বরাবাজার ব্লকের রাজাপেলা টোলায় গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র যাতায়াতের প্রায় ৫০ মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকায় বাসিন্দারা এবার ‘আগে রাস্তা, পরে ভোট’ স্লোগান তুলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অসুস্থ রোগী কিংবা প্রসূতিদের খাটে করে মূল রাস্তা পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় ১০০টি পরিবারের মানুষ।গ্রামবাসীদের অভিযোগ, সমস্যার মূল কারণ ওই অংশটি ব্যক্তিগত জমির উপর হওয়া। জমির মালিক রাস্তা নির্মাণে অনুমতি না দেওয়ায় কাজ আটকে রয়েছে। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সমাধান না মেলায় ক্ষুব্ধ বাসিন্দারা এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন।এ বিষয়ে ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে, জমির মালিকের আপত্তির কারণে আইনি জটিলতা তৈরি হয়েছে। তবে বিকল্প রাস্তার ব্যবস্থা করার চেষ্টা চলছে।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই জায়গাটি ব্যক্তিগত সম্পত্তি এবং বর্তমানে নির্বাচন আচরণবিধি কার্যকর থাকায় সরাসরি হস্তক্ষেপ করা সম্ভব নয়। আলোচনা মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে বলে জানিয়েছেন তারা। একইসঙ্গে ভোট বয়কটকে গণতান্ত্রিক পন্থা নয় বলেও মত প্রকাশ করেছে শাসকদল।বিজেপির পক্ষ থেকে এই পরিস্থিতির জন্য শাসকদলের ব্যর্থতাকেই দায়ী করা হয়েছে।
সমস্যার দ্রুত সমাধানের আশায় দিন গুনছেন রাজাপেলা টোলার বাসিন্দারা।

Post Comment