insta logo
Loading ...
×

পুরুলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, নির্ভয়ে ভোটদানের বার্তা

পুরুলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, নির্ভয়ে ভোটদানের বার্তা

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

“কেউ কি চাপ সৃষ্টি করছে? কেউ কি দেখাচ্ছে ভয়?”—এই প্রশ্নগুলিকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হল পুরুলিয়া জেলা প্রশাসন। সেই ধারাবাহিকতায় বুধবার পুরুলিয়া শহরে আয়োজিত হল এক বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি।
এই র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক সুধীর কোন্থম এবং পুলিশ সুপার বৈভব তেওয়ারি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্রের মূল ভিত্তি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তাই প্রত্যেক ভোটার যেন কোনও ভয় বা চাপ ছাড়াই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিনের র‍্যালি ঘিরে শহরে তৈরি হয় উৎসবের আবহ। “ধামসা মাদলের ছন্দে, ভোট দিন আনন্দে”—এই স্লোগানকে সামনে রেখে পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে শোভাযাত্রাটি শুরু হয় জেলা শাসক দপ্তর প্রাঙ্গণ থেকে। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র‍্যালিটি। র‍্যালির অন্যতম আকর্ষণ ছিল থিমভিত্তিক ম্যাসকট ও সাজসজ্জা, যেখানে ফুটে ওঠে পুরুলিয়ার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। ধামসা-মাদলের তালে তালে এগিয়ে চলে শোভাযাত্রা। পাশাপাশি শিমুল ও পলাশ ফুলের প্রতীকী ব্যবহার বিশেষভাবে নজর কাড়ে সাধারণ মানুষের। জেলাশাসক সুধীর কোন্থম জানান, “স্থানীয় সংস্কৃতিকে ব্যবহার করে সচেতনতার বার্তা পৌঁছে দিলে তা মানুষের কাছে আরও সহজে গ্রহণযোগ্য হয়”। অন্যদিকে, পুলিশ সুপার বৈভব তেওয়ারি আশ্বাস দেন, “ভোট প্রক্রিয়ায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত”।

Post Comment