insta logo
Loading ...
×

“কোন ভয় নেই ভোটারদের”, পুরুলিয়ায় নির্বাচনে কমিশনের ১৪ পর্যবেক্ষক, সরাসরি কথা জনগণের সঙ্গে, চলছে রুট মার্চ

“কোন ভয় নেই ভোটারদের”, পুরুলিয়ায় নির্বাচনে কমিশনের ১৪ পর্যবেক্ষক, সরাসরি কথা জনগণের সঙ্গে, চলছে রুট মার্চ

শুভদীপ মাহাত, পুরুলিয়া:

আসন্ন ভোটযুদ্ধে জঙ্গলমহলের বুকে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে আটঘাট বেঁধে ময়দানে নামল জাতীয় নির্বাচন কমিশন। পুরুলিয়া জেলার ৯টি বিধানসভার সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রাখতে ইতিমধ্যেই মোট ১৪ জন পর্যবেক্ষককে পাঠিয়েছে কমিশন। ভোটারদের মনে সাহস জোগাতে এবং তাঁদের ‘অভয়দান’ করতে ইতিমধ্যেই এই পর্যবেক্ষকদের নেতৃত্বে জেলায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া রুট মার্চ। শুধু বাহিনীর টহলদারিই নয়, নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভাব-অভিযোগও শুনছেন সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকরা।

ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে মঙ্গলবার পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবনে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক সুধীর কোন্থাম এবং পুলিশ সুপার বৈভব তেওয়ারির সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পর্যবেক্ষকরা। যাঁরা সশরীরে হাজির থাকতে পারেননি, তাঁরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। প্রশাসন সূত্রে খবর, এদিনের বৈঠকে মূলত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বুথস্তরের পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিশনের পাঠানো মোট ১৪ জন পর্যবেক্ষকের মধ্যে ৯ জন সাধারণ, ৩ জন ব্যয় এবং ২ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন। এর মধ্যে সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকরা জেলায় অবস্থান করলেও, ব্যয় পর্যবেক্ষকরা মোট তিন দফায় পুরুলিয়ায় আসবেন। ইতিমধ্যে প্রথম দফার কাজ সেরে তাঁরা সাময়িকভাবে ফিরে গিয়েছেন।

একনজরে জেলার ১৪ জন পর্যবেক্ষকের দায়িত্বভার:

সাধারণ পর্যবেক্ষক (৯ জন): বান্দোয়ানে সি. এম. সাইকান্ত বর্মা, বলরামপুরে বিজয় চন্দ্রকান্ত রাঠোর, বাঘমুন্ডিতে জিতেন্দ্রকুমার সিং, জয়পুরে এম. জে. প্রদীপ চান্দ্রেন, পুরুলিয়ায় মহম্মদ আবু ইমরান, মানবাজারে হর্ষ সাওয়ানসুখা, কাশিপুরে সৌরভকুমার সুমন, পাড়াতে সারাংশ মিত্তর এবং রঘুনাথপুরে ভাস্কর কাটামানেনি।

ব্যয় পর্যবেক্ষক (৩ জন): নির্বাচনী খরচের দিকে নজর রাখতে পি এম যশবন্ত রয়েছেন বান্দোয়ান, পুরুলিয়া ও মানবাজারের দায়িত্বে। নান্থকুমার এস-এর কাঁধে বলরামপুর, বাঘমুন্ডি ও জয়পুরের ভার এবং সায়ন দেববর্মা সামলাচ্ছেন কাশিপুর, পাড়া ও রঘুনাথপুর।

পুলিশ পর্যবেক্ষক (২ জন): নিরাপত্তাজনিত দিকটি সামলাতে চৈতন্য রবীন্দ্র মন্ডলিক দায়িত্ব পেয়েছেন বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি ও জয়পুরের। অন্যদিকে পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পাড়া ও রঘুনাথপুরের পুলিশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বি সত্য ইসু বাবু।

Post Comment