insta logo
Loading ...
×

পুরুলিয়ায় সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে ধোঁয়াশা, আতঙ্কে বিচারাধীন ভোটাররা

পুরুলিয়ায় সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে ধোঁয়াশা, আতঙ্কে বিচারাধীন ভোটাররা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়ায় সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে ২৪ ঘন্টা পরেও ধোঁয়াশা কাটলো না । সোমবার দুপুরে পুরুলিয়া জেলা প্রশাসন জানিয়েছিল, সাপ্লিমেন্টারি তালিকা কমিশন প্রকাশ করলেই তা মঙ্গলবার বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। কিন্তু তালিকা প্রকাশিত হলেও, মঙ্গলবার পার হয়ে গেলেও বিচারাধীন তালিকা থেকে ঠিক কতজন বাদ গেলেন তা জানা গেলো না।

পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে রাজনৈতিক দলগুলিকে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছিল । তাতে বলা হয় , সেই ওয়েবসাইটে সমস্ত কিছু দেখা যাবে । জেলা তৃণমূল শিবিরের অভিযোগ,সেখানে কোন তথ্য মিলছে না। তাঁদের আরোও অভিযোগ এসআইআরের এই কাজকে প্রহসনে পরিণত করেছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষকে হয়রানি করছেন ।

পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুষেণ চন্দ্র মাঝি বলেন, “আমাকে কমিশনের তরফে একটি ওয়েবসাইটের লিংক দিয়েছিল। সেই ওয়েবসাইটে বারবার চেষ্টা করেও আমি কোন তালিকা পাইনি।”

জেলায় বিচারাধীন ভোটারের তালিকা ছিল ৩৩ হাজার ৫৭৭ জনের। যদিও ভোট ঘোষণার আগেই তা নিষ্পত্তি হয়ে যায়। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, বিচারাধীন ওই তালিকা থেকে এই জেলায় সাড়ে চার হাজার ভোটারের নাম বাদ যেতে পারে। কিন্তু বুধবার রাত পর্যন্ত বাদ পড়ার সংখ্যা ঠিক কত তা নিয়ে ধোঁয়াশায় থেকে গেল।

যারা বিচারাধীন তালিকায় ছিলেন, তারা সোমবার সন্ধ্যে থেকে পুরুলিয়া জেলা প্রশাসন, নিজের বুথের বিএলও-র কাছে গিয়েও কোন কিছু জানতে পারেননি। জানতে পারেননি কমিশনের সংশ্লিষ্ট ওয়েবসাইট খুলেও। ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে গিয়েছেন তারা। এরপর তারা কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না।

Post Comment