insta logo
Loading ...
×

ভগৎ সিং স্মরণ থেকে হরিনামের আসর, চরকিপাক ‘নব যুবক’ সুজয়ের

ভগৎ সিং স্মরণ থেকে হরিনামের আসর, চরকিপাক ‘নব যুবক’ সুজয়ের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বর্ষীয়ান নেতা যেন ফিরে পেয়েছেন যৌবন। যেন ভরা তরুণ বয়স পেয়েছেন ফিরে। আর নবীন যুবরাজ যেমন সিঙ্গেল ডবল নিতে নিতে টুপ করে হাফ সেঞ্চুরি করে ফেলতেন, কেউ বুঝতেও পারত না, ঠিক তেমনই হরিনাম সংকীর্তন থেকে ভগৎ সিং স্মরণ, সর্বত্র ছুটছেন বর্ষীয়ান সুজয় বন্দ্যোপাধ্যায়। ছোটো ছোটো কর্মীসভায় সারছেন নিবিড় জনসংযোগ। তিনি যেন সেই কাঁচা বয়সের দুর্দান্ত ফুটবলার সুজয়। ছোটো ছোটো পাসে খেলতে খেলতে ছুটে চলেছেন গোল অভিমুখে।

গতবার হেরে গিয়েছিলেন বিজেপির সুদীপ মুখোপাধ্যায়ের কাছে। কোথায় কোথায় ভুল হয়েছিল, খতিয়ে দেখেছেন। আর সেই ভুল শুধরে এবার ঝাঁপিয়েছেন জোর কদমে। গতবার জানতেন না, দলের কারা কারা বিপক্ষে রয়েছে গোপনে। এবার সব কিছু খুল্লমখুল্লা।

সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের কর্মীদের বলছি ভোটারদের ঘরে ঘরে যেতে। কেউ আমাদের ওপর অভিমান করলে কেন করছেন তা জেনে বোঝাতে হবে। বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সামাজিক প্রকল্পগুলো নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আর কোন রাজ্যে তার তুলনা নেই। তাই তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হলে বাংলারই মঙ্গল। আর তাই পুরুলিয়া বিধানসভায় জেতাতে হবে তৃণমূলকে।”

যুবরাজ সিং মানে কিন্তু শুধু সিঙ্গেল ডাবলস নয়, ছটা ছক্কা মানেও যুবরাজ। হাত সেট হয়ে গেলেই খুলে খেলবেন সুজয়। বলছেন অনুগামীরা। কেমন চলবে তাঁর ব্যাট? সেদিকেই তাকিয়ে পুরুলিয়া।

Post Comment