পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একঝাঁক প্রতিশ্রুতির ঝুলি খুলল তৃণমূল কংগ্রেস। চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রকাশ করা হল ১০ দফা ‘প্রতিজ্ঞা’। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছানোর বার্তাই উঠে এসেছে এই ইস্তাহারে। তৃণমূলের দাবি, বাংলার প্রতিটি ঘরে যেন খুশির আলো জ্বলে ওঠে, সেই লক্ষ্যেই এই প্রতিজ্ঞা।
ইস্তাহারের অন্যতম বড় ঘোষণা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ভাতা বৃদ্ধি। সাধারণ শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা মাসে ১,৭০০ টাকা করে পাবেন এই প্রকল্পে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের মাসিক ১,৫০০ টাকা ভাতা চালু রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।
কৃষিক্ষেত্রে ৩০ হাজার কোটি টাকার বিশেষ বাজেটের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, সকলের জন্য পাকা বাড়ি, পানীয় জলের সংযোগ এবং ‘দুয়ারে চিকিৎসা’ শিবিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে ইস্তাহারে। শিক্ষা ক্ষেত্রে ‘বাংলার শিক্ষায়তন’ প্রকল্পে সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়নের কথাও বলা হয়েছে।
শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও বড় লক্ষ্য নির্ধারণ করেছে শাসক দল। পূর্ব ভারতের বাণিজ্যকেন্দ্র হিসেবে বাংলাকে গড়ে তুলতে গ্লোবাল ট্রেড সেন্টার, উন্নত লজিস্টিকস ও বন্দর পরিকাঠামো তৈরির রূপরেখা দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকদের ভাতা সম্প্রসারণ এবং প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে ৭টি নতুন জেলা তৈরির প্রতিশ্রুতিও রয়েছে।
অন্যদিকে ইস্তাহারে সবচেয়ে গুরুত্ব পেয়েছে স্বাস্থ্য। রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আরও একধাপ এগোল রাজ্য প্রশাসন। “সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার”—এই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর প্রতিটি ব্লক ও টাউনে আয়োজন করা হচ্ছে ‘দুয়ারে চিকিৎসা’ ক্যাম্প।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য এই পরিষেবা অত্যন্ত উপযোগী বলে মনে করা হচ্ছে। দলের পক্ষ থেকে ইতিমধ্যে অ্যানিমেশনের মাধ্যমে জনগণের দরবারে নিয়ে যাওয়া হয়েছে এই বার্তা।
তবে ইস্তাহার প্রকাশের পরই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, “১০ কেন, ১০০ প্রতিজ্ঞা করলেও আর মানুষকে বোকা বানানো যাবে না।” শাসক দলের আগের প্রতিশ্রুতি পূরণ নিয়ে প্রশ্ন তুলে বিজেপির অভিযোগ, বাস্তবের সঙ্গে ইস্তাহারের ফারাকই নাকি সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে এই নির্বাচনে।









Post Comment