নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নিম্নচাপের ঝাপটায় শনিবারের প্রবল ঝড়-বৃষ্টি এক ধাক্কায় নামিয়ে দিল তাপমাত্রা। ২১ মার্চ জেলার সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়াল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। আগের দিনের তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রাও কমে হয়েছে ১৫.০ ডিগ্রি।
কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ১৫.০২ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাশিপুরে—৪৯.৪ মিমি। এছাড়া পাড়ায় ৪২.৬ মিমি, পুঞ্চায় ২৭.০ মিমি এবং হুড়ায় ২২.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বলরামপুরে ১৪.২ মিমি, হাতোয়াড়ায় ৯.০ মিমি, ঝালদায় ৮.২ মিমি, মানবাজারে ৭.০ মিমি ও বাঘমুণ্ডিতে ৫.২ মিমি বৃষ্টি হয়েছে। নিতুড়িয়ায় ৫.০ মিমি, জয়পুরে ২.৮ মিমি ও সাঁতুড়িতে ২.৪ মিমি বৃষ্টি নথিভুক্ত হয়েছে। বরাবাজারে বৃষ্টির দেখা মেলেনি।
বিকেলের দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সঙ্গে নামে প্রবল বর্ষণ। কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতির খবরও মিলেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এই বৃষ্টির জেরে গরমের তেজ অনেকটাই কমেছে। সন্ধ্যার পর থেকে আবহাওয়ায় স্পষ্ট শীতলতার ছোঁয়া মিলেছে, ভোরের দিকে ছিলো যথেষ্ট ঠাণ্ডা।


Post Comment