সুইটি চন্দ্র, পুরুলিয়া:
পবিত্র ঈদ-উল-ফিতর উৎসব ঘিরে শনিবার সকাল থেকেই উৎসবের আমেজে মেতে ওঠে পুরুলিয়া জেলা। জেলার বিভিন্ন মসজিদ ও ইদগাহ ময়দানে হাজার হাজার মুসলিম সমবেত হয়ে ইদের নামাজ আদা করেন। ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।
বিশেষ করে ঝালদার ইদগাহ ময়দানে ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকেই সাদা পোশাকে সজ্জিত মুসলিমরা একত্রিত হয়ে ইদের নামাজ আদা করেন। নামাজ শেষে একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন, যা উৎসবের আনন্দকে আরও গভীর করে তোলে।
ইমাম তাঁর বয়ানে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে সকলকে মিলেমিশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানবতা একটাই—এই বার্তাই ইদ আমাদের শেখায়।” অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা সামাজিক ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে।
ঝালদা বাগানডি ইদগাহ কমিটির সদস্য সেখ হুসেন আহম্মদ বলেন, ‘ইদ আমাদের মিলনের উৎসব। আমরা সবাই চাই এই ভালোবাসা ও সম্প্রীতি সারা বছর বজায় থাকুক।”
সব মিলিয়ে, আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা নিয়ে পুরুলিয়ায় সাড়ম্বরে পালিত হল পবিত্র ইদ-উল-ফিতর। উৎসবের এই আবহে সকলের মুখে ফুটে ওঠে হাসি, আর হৃদয়ে জাগে শান্তি ও সম্প্রীতির প্রত্যাশা।











Post Comment