সুইটি চন্দ্র, শুভদীপ মাহাতো, পুরুলিয়া:
পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় আবারও রাজনৈতিক বার্তায় স্পষ্ট করে দিলেন তাঁর অবস্থান। রঘুনাথ মাহাতোর জন্মবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মীদের নিয়ে শহিদ মূর্তিতে বিনম্র শ্রদ্ধা জানানোর পর তিনি যে বক্তব্য তিনি রাখেন, তা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, “ভালো নেতা খুঁজে কুড়মি আন্দোলনের ধারা বজায় থাক”, এই সংক্ষিপ্ত মন্তব্যেই তিনি একদিকে যেমন ঐতিহাসিক আন্দোলনের প্রতি সম্মান জানান, অন্যদিকে বর্তমান কুড়মি সমাজের নেতৃত্বের প্রশ্নটিকেও সামনে নিয়ে আসেন।
নির্বাচনী প্রচারের শুরু থেকেই সুজয় বন্দ্যোপাধ্যায় ঝড় তুলেছেন। গ্রাম থেকে শহর—প্রতিটি জনসংযোগ কর্মসূচিতেই তাঁর উপস্থিতি এবং বক্তব্যে উঠে এসেছে উন্নয়ন, সামাজিক ঐক্য এবং স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুড়মি আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি এক বড় অংশের মানুষের আবেগের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন।
এছাড়াও, তার এই বার্তা শুধুমাত্র স্মরণসভায় সীমাবদ্ধ নয়, বরং তা আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশ হিসেবেও ধরা হচ্ছে। পুরুলিয়ার মাটিতে নিজের অবস্থান আরও মজবুত করতে তিনি ইতিহাস, সংস্কৃতি ও বর্তমান রাজনীতিকে একসূত্রে গাঁথার কৌশল নিয়েছেন—যা নির্বাচনী লড়াইয়ে তাকে বাড়তি সুবিধা এনে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।










Post Comment