insta logo
Loading ...
×

বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই ৩৫ ছুঁইছুঁই পারদ, শিলাবৃষ্টি-ঝড়ের আশঙ্কা শনিবারে

বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই ৩৫ ছুঁইছুঁই পারদ, শিলাবৃষ্টি-ঝড়ের আশঙ্কা শনিবারে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিক্ষিপ্ত বৃষ্টির দাপট থাকলেও কমছে না গরম। ২০ মার্চ পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.৩ ডিগ্রি। জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ৩.৩২ মিলিমিটার।

কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী, এ দিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালদায়—১৪.৬ মিমি। এছাড়া পাড়ায় ১১.৪ মিমি, বরাবাজারে ৫.০ মিমি, জয়পুরে ৪.২ মিমি এবং বলরামপুরে ৩.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। বাঘমুণ্ডিতে ২.৪ মিমি, নিতুড়িয়ায় ১.২ মিমি ও সাঁতুড়িতে ১.০ মিমি বৃষ্টি নথিভুক্ত হয়েছে। অন্যদিকে হাতোয়াড়া, মানবাজার, পুঞ্চা, হুড়া ও কাশিপুরে বৃষ্টির দেখা মেলেনি।

দিনের বেলায় আকাশে মেঘ থাকলেও গরমের অস্বস্তি বজায় ছিল। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাপমাত্রার উপর তার প্রভাব খুব একটা পড়েনি। বরং বাতাসে আর্দ্রতা বাড়ায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার জেলায় শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় বেশ জোরালো গতিতে হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

মৌসম ভবনের মতে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে বিস্তৃত অক্ষরেখা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে প্রসারিত। এই অবস্থার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, যার ফলেই এই বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি।

এই পরিস্থিতি অন্তত বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে একদিকে গরম, অন্যদিকে হঠাৎ ঝড়-বৃষ্টি—এই দ্বৈত আবহাওয়ার মাঝেই দিন কাটাচ্ছে পুরুলিয়া।

Post Comment