নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া বিধানসভায় বর্ষীয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণা করেন দলনেত্রী। তারপরেই স্যোশাল মিডিয়ায় পরপর দুটি বার্তা দেন প্রয়াত কেপি সিং দেওয়ের পুত্র তথা জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। বৃহস্পতিবার রাতেই পুরুলিয়া জেলা তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে নির্দিষ্ট কারণ দেখিয়ে দলের জেলা সভাপতিকে পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। এবার বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগদান করছেন তিনি। পুরুলিয়া জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০ টা নাগাদ পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা ধরবেন। সম্ভাবনা, এবার পুরুলিয়া আসনে তিনি কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন। এদিন দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও বলেন, “খুব কঠিন মনোভাব নিয়ে আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমার দুঃখ হয়েছে। কিন্তু কিছু করার ছিল না। পুরুলিয়া বিধানসভায় কোন সম্মান নেই। আমরা চেয়েছিলাম পুরুলিয়া বিধানসভায় এমন কাউকে প্রার্থী করা হোক যাতে এখানকার মানুষ সব সময় তাঁকে কাছে পাই। কিন্তু দল অগ্রাহ্য করেছে।”










Post Comment