সুইটি চন্দ্র, বাঘমুন্ডি :
গতবার তিনি ছিলেন জায়ান্ট কিলার। খোদ জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোকে হারিয়েছিলেন তাঁর গড় বলে পরিচিত বাঘমুন্ডি বিধানসভায়। এবার সুশান্তর লড়াই আরও কঠিন। গতবার তিনি ছিলেন আনকোরা প্রার্থী। এবার ৫ বছরের বিধায়ক। বিরোধীরা নয়, মানুষের চাওয়া-পাওয়ার যোগ বিয়োগের অংক তাঁর সব থেকে বড়ো প্রতিদ্বন্দ্বী এবার।
আর তাই নির্বাচনী প্রচারের সূচনাতেই উন্নয়নকে প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতো। বুধবার সকালে বাঘমুন্ডির লহরিয়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার পর তিনি স্পষ্ট জানিয়ে দেন, গত পাঁচ বছরে এলাকার উন্নয়নই এবার ভোটের ফল নির্ধারণ করবে।
তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতো জানান, “বাঘমুন্ডিতে গত পাঁচ বছরে যে উন্নয়ন হয়েছে, তার ভিত্তিতেই মানুষ আমাদের উপর আস্থা রাখবেন। সংগঠন আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে, তাই আমরা বড় ব্যবধানে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।”
তিনি আরও দাবি করেন, পূর্বে এই কেন্দ্রে জয়ের অভিজ্ঞতা তৃণমূলের পক্ষে বড় শক্তি হিসেবে কাজ করছে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচন ঘনিয়ে আসতেই বাঘমুন্ডিতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, আর সেই আবহেই উন্নয়ন বনাম প্রতিশ্রুতির লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখার বার্তা দিলেন তৃণমূল প্রার্থী।









Post Comment