নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আসন্ন নির্বাচনের আগে জনসংযোগে জোর দিল এসইউসিআইসি । মঙ্গলবার বিকেলে পুরুলিয়া শহরের নীলকুটি ডাঙ্গা থেকে স্টেশন রোড পর্যন্ত একটি মিছিল ও জনসংযোগ কর্মসূচি করেন দলের পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী শোভা মাহাতো । কর্মী-সমর্থকদের নিয়ে এই পদযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
মিছিলে বক্তব্য রাখতে গিয়ে শোভা মাহাতো বলেন, “মানুষের অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করতে হলে গণআন্দোলনকে আরও জোরদার করতে হবে। বাঁচার পথ এই আন্দোলনের মধ্যেই রয়েছে।” তিনি সকলকে এসইউসিআই প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিন দলের পক্ষ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা শোনা যায়। এসইউসিআই পুরুলিয়া জেলা কমিটির সদস্য, বিকাশ রঞ্জন কুমার বলেন ” রাজনৈতিক দলগুলি দুর্নীতিতে জর্জরিত এবং নির্বাচনের সময় শুধু প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়।” তাঁর অভিযোগ, “নির্বাচন পেরিয়ে গেলে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত থেকে যায়, বরং বড় ব্যবসায়ীদের স্বার্থই প্রাধান্য পায়।”
তিনি আরও বলেন, “শিক্ষা, কর্মসংস্থান, এবং নারীদের নিরাপত্তার মতো মৌলিক সমস্যার সমাধান একমাত্র সম্ভব যদি শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই করা শক্তিকে ক্ষমতায় আনা যায়।” সেই কারণেই শোভা মাহাতোকে জয়ী করার আহ্বান জানান তিনি।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী শোভা মাহাতো ছাড়াও গত লোকসভা নির্বাচনের প্রার্থী সুস্মিতা মাহাতো জেলা কমিটির প্রবীণ সদস্য শ্যামাপদ পরামানিক সহ প্রায় ৪০ জন কর্মী-সমর্থক।










Post Comment