insta logo
Loading ...
×

পুরুলিয়া আসনে কি নির্দল প্রার্থী কেপি পুত্র দিব্যজ্যোতি? সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে জল্পনা

পুরুলিয়া আসনে কি নির্দল প্রার্থী কেপি পুত্র দিব্যজ্যোতি? সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া বিধানসভা আসনে তৃণমূল আবার প্রার্থী করেছে বর্ষীয়ান নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে । প্রার্থীর তালিকায় তার নাম ঘোষণা হতেই সমাজ মাধ্যমে প্রয়াত কেপি সিং দেও-র পুত্র দিব্যজ্যোতিপ্রসাদ সিং দেও পোস্ট করেছেন, “আমি দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও, স্বর্গীয় কে পি সিং দেও এর সুযোগ্য পুত্র হিসেবে পুরুলিয়া বিধানসভার সাধারণ মানুষদের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকবো, আমি পুরুলিয়া বিধানসভার মানুষের সেবা করার জন্য আগামী দিনে ভোটের লড়াই এ সকলের আশীর্বাদ এর আশা নিয়ে মাঠে নামছি।”

এই পোস্টের পরেই জেলা জুড়ে শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি আসন্ন বিধানসভা ভোটে পুরুলিয়া আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি?
কয়েক দিন আগেই কেপি সিং দেও-র স্মরণসভায় পুরুলিয়ার প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালি প্রকাশ্যে তাঁর পুত্র দিব্যজ্যোতি প্রসাদ সিং দেওকে ‘প্রার্থী হিসেবে দেখতে চাই’ বলে ঘোষণা করেছিলেন। তারপরেই প্রকাশ্য সভায় এই ভাবে কেন নাম ঘোষণা করেছিলেন, তা জানতে তৃণমূল জেলা সভাপতি রাজীবলোচন সরেন তাঁকে শোকজ করেন। তারপর দেখা গেল দিব্যজ্যোতিকে প্রার্থী করেনি দল।
যদিও ২০১৬ সালে দিব্যজ্যোতি প্রসাদ সিং দেওকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু সেবার কংগ্রেসের প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের কাছে তিনি হেরে যান।তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নেতার ছেলে হলেও সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। দলনেত্রী তাঁকে প্রার্থী করায় কেউ তাঁর বিরুদ্ধে মুখ খোলেননি। তবে তারপর থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত হন। ২০২১ সালে এই আসনে তৃণমূল প্রার্থী করেছিল প্রাক্তন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু শহরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই আসনটি হাতছাড়া হয় তৃণমূলের। আবার জয়ী হন বিজেপিতে যোগ দেওয়া সুদীপ মুখোপাধ্যায়।

এবার পুরুলিয়া আসনে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে তৃণমূলের অন্দরের বিদ্রোহ প্রকাশ্যে। জটিল হয়ে উঠেছে পুরুলিয়ার ভোট সমীকরণ।

Post Comment