insta logo
Loading ...
×

শবর উন্নয়নে পাশে থাকার বার্তা বান্দোয়ানের বিজেপি প্রার্থী লবসেন বাস্কের

শবর উন্নয়নে পাশে থাকার বার্তা বান্দোয়ানের বিজেপি প্রার্থী লবসেন বাস্কের

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

লড়াই তাঁর জোরদার। বিপক্ষে স্বয়ং তৃণমূল জেলা সভাপতি রাজীবলোচন সরেন। অন্যদিকে সিপিআইএম প্রার্থী রথু সিং সর্দারের জনভিত্তি মজবুত। তবু জয়ের আশা ছাড়ছেন না বান্দোয়ানের বিজেপি প্রার্থী লবসেন বাস্কে।

বুধবার সকালে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের লটপদা গ্রামে শবর সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। গ্রামের বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের জীবনযাত্রা, শিক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির কোথায় কী সমস্যা খতিয়ে দেখেন।

বিজেপি প্রার্থীকে পাশে পেয়ে শবর পরিবারের এক শিক্ষিতা তরুণী রত্নাবলী শবরের প্রসঙ্গ তুলে ধরেন বাসিন্দারা। বলেন, তিনি এমএ পাশ করা সত্ত্বেও সরকারি কোনও সাহায্য বা সুযোগ-সুবিধা পাননি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লবসেন ।

বিজেপি প্রার্থী লবসেন বাস্কে বলেন,“সমাজের নিচু স্তর থেকে উঠে আসা এই ধরনের মেধাবী মেয়েদের জন্য এখনও পর্যাপ্ত সুযোগ তৈরি হয়নি। রত্নাবলী শবরের মতো শিক্ষিতা মেয়েরা যদি উপযুক্ত সাহায্য না পান, তাহলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”

এছাড়াও তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে শবরসহ প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষিত ও স্বনির্ভর হতে চাওয়া মহিলাদের জন্য কর্মসংস্থান ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

Post Comment