নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শূন্য আসন। ৩৪ বছরের শাসন ক্ষমতার দশ বছরের মধ্যে মহাপতন। দীর্ঘ গাঁটছড়া ছিঁড়ে আপাতত সিদ্ধান্ত, জোট নয় কংগ্রেসের সঙ্গে। আক্ষরিক অর্থেই ২০২৬ বিধানসভা নির্বাচনে শূন্য থেকে শুরু করছে বামেরা। আর এই লড়াইয়ে তাদের সঙ্গী এক ঝাঁক নতুন মুখ। টগবগে তারুণ্যের জোয়ারে নতুন করে স্বপ্ন দেখছে বামেরা।
ভোট ঘোষণার পরদিনই সোমবার পুরুলিয়ার ৯ আসনে প্রার্থী ঘোষণা করল তারা। বাঘমুণ্ডি ও জয়পুর আসন বামফ্রন্টের মেজো শরিক ফরওয়ার্ড ব্লককে দেওয়া হয়েছে।
বান্দোয়ানে বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক রথু সিং সর্দারকে টিকিট দিয়েছে সিপিআইএম। মাও জমানায় সেন্দ্রা বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন তিনি। বলরামপুরে সিপিআইএম প্রার্থী নমিতা মাহাতো। পুরুলিয়ায় সিপিআইএম প্রার্থী এসএফআই জেলা নেতা সায়ন্তন ঘোষ। জয়পুরে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক ফরওয়ার্ড ব্লক দলের ধীরেন্দ্রনাথ মাহাতো। বাঘমুণ্ডিতে প্রার্থী ফ্রন্টের মেজো শরিক ফরওয়ার্ড ব্লক দলের পরিমল কুমার।

মানবাজারে সিপিআইএম প্রার্থী করছে সোনামনি টুডুকে। ঝাড়খণ্ডে বাপের বাড়ি। বান্দোয়ানে তাঁর শ্বশুরালয়। ২০২৪ সালে ঝাড়গ্রাম লোকসভায় প্রার্থী ছিলেন সোনামণি। কাশিপুরে নতুন মুখ। প্রার্থী সুলেখা বাউরি। অন্যদিকে পাড়াতেও নতুন মুখে ভরসা লাল ব্রিগেডের। প্রার্থী হয়েছেন অলোক বাউরি। রঘুনাথপুরে এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা গণেশ বাউরির ওপর ভরসা দেখিয়েছে সিপিআইএম। বিজেপির প্রার্থী তালিকায় যেখানে একজন মহিলাও নেই সেখানে বামেদের প্রার্থী তালিকায় ৯ বিধানসভার মধ্যে ৩ বিধানসভায় মহিলা প্রার্থী দিয়েছে তারা।










Post Comment