সুইটি চন্দ্র, পুরুলিয়া:
পুরুলিয়া থেকে এবার সরাসরি উত্তর ভারতের সঙ্গে রেল যোগাযোগের নতুন দিগন্ত খুলল। দীর্ঘদিনের অপেক্ষার পর পুরুলিয়া পেল দূরপাল্লার এমন এক ট্রেন যা রাঁচি, বারাণসী ও অযোধ্যা হয়ে পৌঁছবে দিল্লির আনন্দবিহার টার্মিনালে।
শনিবার পুরুলিয়া রেলস্টেশনে এই ট্রেন পরিষেবার সূচনা হয়। কলকাতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি উদ্বোধন করেন ট্রেনটি। তারপর দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা সহ রেল আধিকারিকরা সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির যাত্রা শুরু করান।
রেল সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার সকাল প্রায় ১০টা নাগাদ আনন্দবিহার থেকে পুরুলিয়ায় পৌঁছাবে ট্রেনটি। সেদিনই বিকেল ৫টা নাগাদ আবার আনন্দবিহারের উদ্দেশ্যে রওনা দেবে।
নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় পুরুলিয়া ও আশপাশের এলাকার মানুষের দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন শহরে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করছেন রেল আধিকারিকরা। একই সঙ্গে খুশি সাধারণ যাত্রীরাও।
আদ্রা ডিভিশনের ডিআরএম মুকেশ গুপ্তা বলেন,”এই ট্রেন চালু হওয়ার ফলে পুরুলিয়া থেকে উত্তর ভারতের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি হবে এবং যাত্রীদের যাতায়াতে অনেক সুবিধা হবে।”
ট্রেন যাত্রী প্রসূন মুখোপাধ্যায় বলেন, “উত্তর ভারতে যেতে একাধিক ট্রেন বদল করতে হত। এখন সরাসরি ট্রেন পাওয়ায় সাধারণ মানুষের অনেক সুবিধা হবে।”










Post Comment