নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
রান্নার গ্যাসের অভাবে চরম দুর্ভোগে পড়ে অবশেষে রাস্তায় নেমে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। ঘরের উনুন বন্ধ, রান্না কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনেককেই বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদেই শনিবার সকালে পুরুলিয়া শহরের জে কে কলেজ মোড়ে খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধে সামিল হন স্থানীয় বাসিন্দারা।অবরোধের ফলে ব্যস্ত ওই রাস্তায় দ্রুতই তৈরি হয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।
অবরোধকারী রেখা যোগী বলেন,
“অনেকদিন ধরে চেষ্টা করেও আমরা গ্যাস পাচ্ছি না। বারবার ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। বাড়িতে রান্না করা যাচ্ছে না, উনুন বন্ধ হয়ে রয়েছে। তাই বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি।”
আরেক অবরোধকারী শেখ মাহফুজ আলমের অভিযোগ, “ডিস্ট্রিবিউশন কেন্দ্রে গ্যাসের জন্য বারবার যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হচ্ছে না। সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। বাড়িতে গ্যাস না থাকায় অনেককেই বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যাটা আরও বাড়বে।”
দীর্ঘদিন ধরেই এলাকায় রান্নার গ্যাস সরবরাহে অনিয়ম চলছে। অনেকেই কালোবাজারির অভিযোগও তুলেছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার সকালে হঠাৎ করেই পুরুলিয়া শহরের জে কে কলেজ মোড়ে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার রেখে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে কিছুক্ষণের মধ্যেই ওই এলাকায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।









Post Comment