নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
দীর্ঘদিন ধরে জল, আলো এবং রাস্তার সমস্যায় জর্জরিত ছিল পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের কুইরা গ্রাম। স্থানীয় বাসিন্দাদের বারবার অভিযোগ করায় এবার নড়েচড়ে বসল মানবাজার মহকুমা প্রশাসন। বিশেষ পরিদর্শনের পর গ্রামবাসীর মৌলিক পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে গ্রামে নতুন করে আশার আলো দেখছেন বাসিন্দারা।
মানবাজার মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ১২ মার্চ ২০২৬ তারিখে এক বিশেষ পরিদর্শনে কুইরা গ্রামে পানীয় জলের পরিকাঠামোর বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পরিদর্শনে দেখা গেছে, গ্রামে বর্তমানে মোট ৮টি টিউবওয়েল সচল রয়েছে। পাশাপাশি ২০টি ট্যাপ যুক্ত দুটি সোলার সাবমার্সিবল পাম্প কার্যকর অবস্থায় আছে, যার মাধ্যমে গ্রামের বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন। প্রশাসনের দাবি, এই ব্যবস্থাগুলি নিয়মিতভাবে চালু রাখা এবং প্রয়োজন অনুযায়ী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
গ্রামের আলো সমস্যার ক্ষেত্রেও ইতিবাচক পরিস্থিতির কথা জানিয়েছে প্রশাসন। পরিদর্শনে দেখা গেছে, ১৪টি সোলার স্ট্রিট লাইট সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় রয়েছে। ফলে রাতের অন্ধকারে গ্রামবাসীর চলাচল এখন অনেকটাই সহজ হয়েছে বলে প্রশাসনের দাবি।
তবে সব সমস্যার সমাধান এখনও হয়নি। গ্রামের একটি আইসিডিএস কেন্দ্র ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, যার ফলে পরিষেবা চালু রাখতে সমস্যা হচ্ছিল। প্রশাসন জানিয়েছে, ওই কেন্দ্রের মেরামতির জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া এবং ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। খুব শীঘ্রই মেরামতির কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
রাস্তার ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে বলে স্বীকার করেছে প্রশাসন। যদিও গ্রামের অধিকাংশ পিচ রাস্তা ভালো অবস্থায় রয়েছে, তবু গ্রামের ভেতরে প্রায় ২৮১ মিটার মাটির রাস্তা এখনও কাঁচা। এর মধ্যে ১০০ মিটার রাস্তা পাকা করার প্রস্তাব ২০২৬-২৭ অর্থবর্ষের উন্নয়ন পরিকল্পনায় রাখা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।











Post Comment