insta logo
Loading ...
×

রাস্তা দখল ও খাটালের জেরে ভোগান্তি, প্রশাসনিক হস্তক্ষেপ চাইল পুরুলিয়া নাগরিক মঞ্চ

রাস্তা দখল ও খাটালের জেরে ভোগান্তি, প্রশাসনিক হস্তক্ষেপ চাইল পুরুলিয়া নাগরিক মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দীর্ঘদিন ধরে পুরুলিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তায় পড়ে থাকা নোংরা , অপরিকল্পিত ভাবে বসে যাওয়া বাজার এবং রাস্তা দখল করে দোকানপাট বসানোর ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাল পুরুলিয়া নাগরিক মঞ্চ। বিষয়গুলি নিয়ে পুরুলিয়া পুরসভার প্রশাসক তথা পুরুলিয়া সদর মহকুমা শাসকের দ্বারস্থ হন মঞ্চের সদস্যরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায় খাটাল থাকার কারণে আশপাশের এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার নিয়েছে। এর ফলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে। একই সঙ্গে এই খাটালগুলির কারণে পরিবেশ দূষণ এবং অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ।

নাগরিক মঞ্চের দাবি, জনবসতিপূর্ণ এলাকা থেকে খাটালগুলি দ্রুত সরিয়ে শহরের বাইরে নির্দিষ্ট জায়গায় স্থানান্তর করা প্রয়োজন। তাতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে শহরের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

শুধু তাই নয়, সংগঠনের অভিযোগ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে নিয়মিতভাবে রাস্তা দখল করে বসছে অস্থায়ী বাজার ও দোকানপাট। এর ফলে যান চলাচলে বাধা তৈরি হচ্ছে। প্রতিদিনই সমস্যার মুখে পড়ছেন সাধারণ মানুষ।

নাগরিক মঞ্চের পক্ষ থেকে বিশেষ করে নীলকুঠিডাঙ্গা মেন রোড, শশধর গাঙ্গুলী রোড , ভগৎ সিং মোড় এলাকা, রঘুনাথপুর রোড, সদর হাসপাতালের সামনে, চক্রবাজার মেন রোড, দেশবন্ধু রোড ও স্টেশন রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলির পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।

সংগঠনের বক্তব্য, রাস্তার উপর অবৈধভাবে বসে থাকা দোকানপাট এবং অনিয়ন্ত্রিত বাজারের কারণে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
এছাড়াও শহরের বিভিন্ন জলাশয় ও খোলা জায়গার সংস্কার এবং রাস্তাঘাট পরিষ্কার রাখার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা। এই পরিস্থিতিতে পুরুলিয়া পুরসভার কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে নাগরিক মঞ্চ। সংগঠনের দাবি, শহরের জনবহুল এলাকাগুলিতে নিয়মিত নজরদারি চালিয়ে রাস্তা দখলমুক্ত করতে হবে এবং পরিবেশ দূষণের কারণগুলি দূর করতে হবে।
নাগরিক মঞ্চের মতে, শহরকে পরিষ্কার ও সুস্থ পরিবেশে গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পুর প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সংগঠন।

Post Comment