insta logo
Loading ...
×

গ্রামীণ স্কুলে পুষ্টি ও উদ্ভাবনের মেলবন্ধন, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন উদ্যোগ

গ্রামীণ স্কুলে পুষ্টি ও উদ্ভাবনের মেলবন্ধন, গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের খাবারের তালিকায় নতুনত্ব আনতে অভিনব উদ্যোগ নিল মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। কেন্দ্রের পি.এম. পোষণ প্রকল্পের আওতায় যেখানে নিয়মিত মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়, সেখানে পরীক্ষামূলকভাবে পুষ্টিগুণসমৃদ্ধ একটি নতুন খাদ্য তৈরি করে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিশেষ পুষ্টি কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে শিক্ষার্থীদের বিভিন্ন ফল ও ডিম দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার বিদ্যালয়ের রান্নাঘরেই তৈরি করা হল সয়াবিন ও অন্যান্য উপাদান দিয়ে প্রস্তুত বিশেষ খাবার। রান্নার সঙ্গে যুক্ত শিক্ষক ও কর্মীদের তত্ত্বাবধানে তৈরি এই খাবার শিক্ষার্থীদের মধ্যে পরিবেশন করা হয়।

এই উদ্যোগের ফলে স্কুলের পরিবেশে এক ধরনের উৎসবের আবহ তৈরি হয়। পড়ুয়ারা আগ্রহ নিয়ে নতুন খাবার গ্রহণ করে এবং তা তাদের কাছে বেশ উপভোগ্য বলে মনে হয়।

শিক্ষক অমিতাভ মিশ্র বলেন,
“শুধু নিয়ম মেনে খাবার দেওয়াই লক্ষ্য নয়, আমরা চাই বাচ্চারা পুষ্টিকর খাবারের সঙ্গে পরিচিত হোক এবং আনন্দের সঙ্গে তা গ্রহণ করুক। তাই মাঝেমধ্যেই খাবারের তালিকায় নতুনত্ব আনার চেষ্টা করা হয়”।

তিনি আরো বলেন, “বিদ্যালয়কে আমরা শুধু পড়াশোনার জায়গা হিসেবে দেখি না। এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য, পুষ্টি ও সামাজিক সচেতনতার দিকটাও সমান গুরুত্ব পায়। বিভিন্ন বিশেষ দিনেও অনেক সময় সমাজের মানুষ এগিয়ে এসে শিশুদের জন্য খাবারের আয়োজন করেন।”

শিক্ষক মহলের মতে, গ্রামীণ এলাকার বহু শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ের মধ্যাহ্নভোজই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস। তাই এই ধরনের উদ্যোগ শিশুদের স্বাস্থ্য ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক।

Post Comment