নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বিক্ষিপ্ত বৃষ্টির পর তাপমাত্রায় সামান্য পতন। তবে গরমের রেশ এখনও কাটেনি পুরুলিয়ায়। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, ১০ মার্চ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।
গত কয়েক দিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমলেও দুপুরের দিকে গরমের অস্বস্তি বজায় ছিল। আকাশে মাঝেমধ্যে মেঘের আনাগোনা থাকায় রোদের তেজ কিছুটা কম অনুভূত হয়েছে।
তবে নজর কাড়ছে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন পারদ ২১ ডিগ্রির উপরে থাকায় ভোরের দিকে আর শীতলতার অনুভূতি নেই বললেই চলে। ফলে দিন-রাত মিলিয়ে আবহাওয়ার চরিত্র এখন প্রায় গ্রীষ্মমুখী।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মার্চের এই সময় স্থানীয় মেঘ ও বজ্রগর্ভ আবহাওয়ার কারণে তাপমাত্রা সাময়িক ওঠানামা করলেও সামগ্রিক প্রবণতা ঊর্ধ্বমুখীই থাকবে। ফলে আগামী দিনে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টির সম্ভাবনাও আছে।


Post Comment