insta logo
Loading ...
×

পোস্টার পতাকা বিতর্ক, পুরুলিয়া শহরে রাজনৈতিক তরজায় মুখোমুখি তৃণমূল ও বিজেপি

পোস্টার পতাকা বিতর্ক, পুরুলিয়া শহরে রাজনৈতিক তরজায় মুখোমুখি তৃণমূল ও বিজেপি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করা ব্যানার ও পোস্টারকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে পুরুলিয়া শহরে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো ওই ব্যানারগুলির উপর বিজেপির দলীয় পতাকা লাগানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা।

পুরুলিয়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রচারের জন্য লাগানো ব্যানার পোস্টার দীর্ঘদিন ধরেই রয়েছে। ওইসব পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবি সহ প্রকল্পের তথ্য প্রদর্শিত । সম্প্রতি সেই পোস্টারগুলির উপরে বিজেপির দলীয় পতাকা লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরই বিষয়টি নিয়ে সরব হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার যাতে মানুষের কাছে পৌঁছাতে না পারে, সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ব্যানারগুলিকে ঢেকে দেওয়া হচ্ছে। যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং এমন মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছে।

জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের ব্যানারগুলির উপর বিজেপির দলীয় পতাকা লাগিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানুষের কাছে যাতে সরকারের বার্তা পৌঁছাতে না পারে, সেই কারণেই এই ধরনের কাজ করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

অন্যদিকে, অভিযোগ খারিজ করে দিয়েছেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন,
“এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি এ ধরনের কোনও কাজের সঙ্গে জড়িত নয়। তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে অযথা বিজেপির নামে দোষ চাপানোর চেষ্টা করছে।”

Post Comment