insta logo
Loading ...
×

ভোটের আগে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বিজেপি

ভোটের আগে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ইন্দিরা রাজীবের মূর্তিতে মালা দিয়ে মিলেছিল দলবিরোধী তকমা। আর এই কাজের জন্য এক দশক আগে বহিষ্কার করা হয়েছিল বিজেপির দুই জেলা নেতাকে । বিধানসভা ভোটের আগে সেই দুই নেতা নগেন্দ্রনাথ ওঝা ও রাজীব মাহাতোকে আবার ঘরে তুলল বিজেপি। বঙ্গ বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের নির্দেশ অনুসারে সাময়িক বরখাস্ত থেকে মুক্ত করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর। ওই বছরের প্রায় শেষের দিকে দলের ওবিসি মোর্চার একটি কর্মসূচিতে পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাষ মোড়ে প্রয়াত দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তিতে মালা দেওয়ার কারণেই দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে কারণ দর্শানোর চিঠির পর এই দুই নেতাকে সাময়িক বরখাস্ত করে দল।


২৭ ফেব্রুয়ারি তারিখে পাঠানো চিঠিতে বিজেপির ওই দুই জেলা নেতাকে বলা হয়েছে, দল তাদের অনুশোচনা পত্র পেয়েছে। এই কথা মাথায় রেখেই তাদেরকে সাময়িক বরখাস্ত থেকে মুক্ত করা হয়। তবে ভবিষ্যতে দল বিরোধী কার্যকলাপ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

পুরুলিয়া শহরের লোকোশেড পাড়ার বাসিন্দা নগেন্দ্রকুমার ওঝা ২০১৬ সালে বিজেপির পুরুলিয়া বিধানসভা আসনের প্রার্থী ছিলেন। যদিও তিনি ভোটে হেরে যান। আর রাজীব মাহাতোর বাড়ি পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড়ো গ্রামে। সেই গ্রামেই তৃণমূল জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতোর বাড়ি।

Post Comment