নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
আবারও এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরুলিয়া জেলার ঝালদা শহর সংলগ্ন গোকুলনগর গ্রামের বাসিন্দা মৃত পরিযায়ী শ্রমিকের নাম শঙ্কর নায়ক। পরিবার সূত্রে জানা গিয়েছে, কাজের সন্ধানে তিনি দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে গিয়েছিলেন । সেখানেই আহত হয়ে পড়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। তবে বাড়ি পৌঁছানোর আগেই বিশাখাপত্তনমের কাছাকাছি এলাকায় গাড়ির মধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
শুক্রবার শঙ্কর নায়কের দেহ গোকুলনগর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতের পরিবার দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়, তাদের অভিযোগ, শঙ্কর নায়ককে খুন করা হয়েছে । সেই অভিযোগ ঘিরেই এলাকায় ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং ঘটনার সঠিক তদন্তের দাবি তোলেন। নিজের সমাজমাধ্যমে পোস্ট করে নেপাল বাবু লেখেন, “গোকুল নগর গ্রামের আদিবাসী সমাজের এক ভাই কর্মসূত্রে বেঙ্গালুরু গিয়েছিলেন। কিন্তু কাজ শুরু করার আগেই দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং বাড়ি ফেরার পথে সেই আঘাতের ফলেই তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে।”
ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কী কারণে শঙ্কর নায়কের মৃত্যু হয়েছে, তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।










Post Comment